৫ শতাধিক বন্দিকে মুক্ত করেছে আল কায়েদা
আল কায়েদা ইরাকের দুটি বন্দিশালায় হামলা চালানোর দায় স্বীকার করে ৫ শ’রও বেশি বন্দিকে মুক্ত করার দাবি করেছে।
মঙ্গলবার আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট’ রাজধানী বাগদাদের কাছে তাজি এবং আবু গ্রাইব কারাগারে হামলা চালানোর দায় স্বীকার করেছে।
গোষ্ঠীটি জানায়, মাসের পর মাস ধরে পরিকল্পনা করার পর তারা কারাগার দুটিতে হামলা চালায়।
হামলায় মুক্ত বন্দিদের মধ্যে ৫শ’ জনই জঙ্গি বলে দাবি করেছে ইসলামিক স্টেট অব ইরাক।
সোমবার ইরাক কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে এ হামলা হয়েছে।
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কারাগার দুটিতে জঙ্গিদের ভয়াবহ হামলায় ২০ নিরাপত্তারক্ষীসহ আল কায়েদার চার জঙ্গি নিহত হয়।
রাজধানী বাগদাদের কাছের এ কারাগার দুটির গেটে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় আত্মঘাতী হামলাকারীরা। এভাবে তারা কারাগারে ঢোকার পথ করে নেয়।
এ সময় কারারক্ষীদের ওপর মর্টার ও রকেট চালিত গ্রেনেড নিয়ে আক্রমণ শুরু করে আরেক দল জঙ্গি।
অন্যান্য জঙ্গিরা সশস্ত্র অবস্থায় কারাগারের সামনের প্রধান সড়কে অবস্থান নেয়। তারা বাগদাদ থেকে আসা নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতিরোধে লড়াই শুরু করে।
লড়াই চলার সময় কিছু জঙ্গি শরীরে বোমা বেঁধে পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করে। তারা বন্দিদের মুক্ত করে নিয়ে যায়।
রোববার সারারাত লড়াই চলার পর সোমবার সকালে সেনা হেলিকপ্টার পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু এই সময়ের মধ্যে কারাগার থেকে সাজাপ্রাপ্ত শ’ শ’ কয়েদি পালিয়ে যায়।
ইরাক কর্তৃপক্ষ প্রথমে বন্দি মুক্তি পাওয়ার কথা অস্বীকার করলেও পরে কিছু বন্দি পালিয়ে যাওয়ার কথা জানায়।
পালিয়ে যাওয়া কয়েকজনকে নিরাপত্তা বাহিনী ফের গ্রেপ্তার করলেও অধিকাংশ বন্দিই পালিয়ে গেছে।
