বিহারে সেই স্কুলের খাবারে কীটনাশক ছিল
ভারতের বিহার রাজ্যে ২৩ শিশু মৃত্যুর ঘটনায় স্কুলে দেয়া বিনামূল্যের খাবারে কীটনাশক মিশানো ছিল বলে প্রাথমিক ভিসেরা প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর কীটনাশক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিহারের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রবীন্দ্র কুমার।
গত মঙ্গলবার স্কুলে দেয়া দুপুরের খাবার খেয়ে ওই ২৩ শিক্ষার্থীর মৃত্যু হয়। শিশুদের মৃত্যুতে বিহারজুড়ে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিহারের প্রাদেশিক রাজধানী পাটনা থেকে ৬০ কিলোমিটার দূরে ছাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্কুল থেকে দেয়া আলুর তরকারি দিয়ে ভাত খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই শিক্ষার্থী শিশুরা অসুস্থ হয়ে পড়ে। প্রচণ্ড পেট ব্যাথার পাশাপাশি বমি করতে থাকে তারা।
মাত্র একটি রুমের ওই স্কুলটির অসুস্থ সব শিশুকে হাসপাতালে নেয়া হলে সেখানে ২৩ শিশুর মৃত্যু হয়। বিষক্রিয়ায় আক্রান্ত আরো ২০ শিশু এখানো হাসপাতালে চিকিৎসাধীন আছে।
পুলিশ কর্মকর্তা কুমার জানান, ভিসেরা প্রতিবেদনে তরকারিতে ব্যবহৃত তেলে মনোক্রোটোফোস মেশানো ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। ফসফরাস দিয়ে তৈরি এ রাসায়নিকটি কৃষি জমিতে পোকমাকড় ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়।
