ওজন কমালে মিলবে সোনা
জনসাধারণের মুটিয়ে যাওয়া রোধে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুবাই সরকার। সরকারের এ পরিকল্পনা অনুযায়ী শরীরের বাড়তি মেদ ঝরালে স্বর্ণ দেয়া হবে।
এ লক্ষ্যে শুক্রবার থেকে নগর কর্তৃপক্ষের উদ্যোগে ৩০ দিনের ওজন কমানোর এক প্রতিযোগিতা শুরু হয়েছে। রোজার পাশাপাশি ওজন কমানোর এ প্রতিযোগিতা চলবে।
প্রতিযোগিতাটির নাম দেয়া হয়েছে, ‘আপনার ওজনের বিনিময়ে সোনা’।
শুক্রবার থেকে নাম নিবন্ধন শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ১৬ অগাস্ট পর্যন্ত। এই সময়ে প্রতি এক কেজি ওজন কমানোর বিনিময়ে দেয়া হবে এক গ্রাম সোনা।
দুবাইয়ের অধিকাংশ রোজাদার সারাদিন উপোস থাকার পর সন্ধ্যায় ইফতারির সময় অতিরিক্ত পানাহার করে। এতে সংযমের এই মাসটিতে তাদের ওজন না কমে আরো বেড়ে যায়।
বছরের অন্যান্য মাসে তারা দৈনিক যত ক্যালরি গ্রহণ করে রোজায় চিনি ও চর্বিযুক্ত খাবার খেয়ে তারা চেয়ে বেশি ক্যালরি গ্রহণ করে।
এই প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজন পাবে ২০ হাজার দিরহামের (চার লাখ বত্রিশ হাজার টাকা) সমপরিমাণ সোনার কয়েন। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কমপক্ষে ২ কেজি (৪ দশমিক ৪ পাউল্ড) ওজন কমাতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দু্বাই নগর কর্তৃপক্ষ বলেছে, “অংশগ্রহণকারীদের কমানোর মতো অতিরিক্ত ওজন থাকতে হবে। ওজন কমানোর জন্য অস্বাস্থ্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। ওজন মাপার জন্য চূড়ান্ত দিনে যথাস্থানে উপস্থিত থাকতে হবে।”
সংযুক্ত আরব আমিরাতের প্রধান বাণিজ্য কেন্দ্র দুবাই ছাড়াও প্রতিবেশি দেশগুলোও নাগরিকদের অস্বাভাবিক ওজন নিয়ন্ত্রণে কোটি কোটি অর্থ ব্যয় করছে।
তেল সম্পদ ও উচ্চ বাড়িভাড়ার আয়ে স্বচ্ছল হয়ে ওঠা মধ্যপ্রাচ্যের নাগরিকরা প্রচুর চিনি ও চর্বিযুক্ত খাবারের দিকে ঝুঁকে পড়েছে। বিলাসবহুল গাড়িতে ভ্রমণ তাদের হাঁটাচলার সুযোগও সীমিত করে দিয়েছে।
ফলে ক্রমেই স্থূল জাতিতে পরিণত হচ্ছে মধ্যাপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর নাগরিকরা। এতে ডায়বেটিসের মতো স্থূলতা জনিত রোগের প্রকোপ ব্যাপকভাবে বেড়ে গেছে।
দেশগুলোতে শিশুদের স্থূলতা সমস্যাও দিন দিন প্রকট হয়ে উঠছে।
