পশ্চিম তীর সফরে জন কেরি
ইসরাইল ও ফিলিস্তিনকে শান্তি আলোচনায় ফেরানোর সর্বশেষ চেষ্টায় পশ্চিম তীরের রামাল্লা সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সেখানে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে বলে দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে।
শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে গত মার্চ থেকে এ নিয়ে ষষ্ঠ বারের মতো এ অঞ্চলে ভ্রমণ করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এই নেতা।
এর আগে শুক্রবার সকালে তিনি জর্ডানের রাজধানী আম্মানে ফিলিস্তিনি আলোচক সায়েব ইরাকাতের সঙ্গে এক বৈঠকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ফেরার আহ্বান জানান।
একই সময় টেলিফোনে ইসরাইলি কর্তৃপক্ষকেও আলোচনায় বসার আহ্বান জানান কেরি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, শুক্রবার বিকালের দিকেই রামাল্লায় পৌঁছে আব্বাসের সঙ্গে কথা বলার কথা রয়েছে কেরির।
তবে দু’দেশের আলোচনায় বসার প্রক্রিয়া কি হবে যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনা সম্পর্কে এখনো পরিষ্কার কিছু জানাননি তিনি।
২০১০ সালে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে প্রায় দুই দশক ধরে চলতে থাকা ব্যর্থ শান্তি প্রক্রিয়া পুরোপুরি থেমে যায়। ইসরাইল আকস্মাৎ পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন শুরু করলে খন্ড যুদ্ধ বাধে দু’দেশের মধ্যে।
পরে বেশ কয়েকবার উদ্যোগ নেয়া হলেও তা আলোর মুখ দেখেনি।
বৃস্পতিবার ফিলিস্তিন ইসরাইল অচলাবস্থা নিরসনে কেরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তবে তিনি প্রচেষ্টা চালিয়ে গেলে তাতে সাড়া দেবেন বলেও রামাল্লার নেতারা ইঙ্গিত দিয়েছেন।
ফিলিস্তিন নতুন করে আলোচনায় বসার আগে ইসরাইলকে ইহুদি বসতি নির্মাণ বন্ধ করা এবং ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের আগেকার সীমান্ত রেখা মেনে নেয়ার দাবি জানিয়েছে।
দাবি পূরণ হলেই দুই দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসার পক্ষপাতি তারা।
