উত্তর কোরিয়ান জাহাজ আটক করেছে পানামা, অস্ত্র জব্দ
কিউবা থেকে আসা উত্তর কোরিয়ার পতাকাবাহী একটি জাহাজ পানামা আটক করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলি।
তিনি বলেন, জাহাজটি অঘোষিত অস্ত্র নিয়ে পানামা চ্যানেলের দিকে অগ্রসর হলে এটিকে আটক করা হয়।
মাদকদ্রব্য বহন করছে এমন সন্দেহে জাহাজটিকে থামানোর পর পানামার কর্তৃপক্ষ চিনির কন্টেইনারে লুকানো অবস্থায় অস্ত্রগুলোর খোঁজ পায়। এরপর জাহাজটিকে আটলান্টিকের দিকে একটি বন্দর মানজানিলোর কাছে চালিয়ে নিযে যাওয়া হয় বলে রয়টার্স জানায়।
মার্টিনেলি সোমবার পানামার টেলিভিশন কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা জাহাজ থেকে মালামাল খালাসের কাজ শুরু করতে যাচ্ছি এবং আসলেই জাহাজের ভিতরে কি ছিলো তা তখনি দেখতে পাবো।” এছাড়া বিস্তারিত আর কিছুই তিনি জানাননি।
“পানামা চ্যানেল দিয়ে যুদ্ধের জন্য কোনো রকম অঘোষিত অস্ত্র জাহাজযোগে পরিবহন করা যাবেনা।”
মার্টিনেলি বলেন, জাহাজটিকে থামানোর পর এটির ক্যাপ্টেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পানামা কর্তৃপক্ষ ওই জাহাজ থেকে মোট ৩৫ জনের মতো নাবিককে আটক করেছে।
পানামা চ্যানেলের দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষের একজন মুখপাত্র তার কাছে আর কোনো তথ্য নেই বলে জানান। তিনি আর কোন প্রশ্ন থাকলে তা অ্যাটর্নি জেনারেলকে করার জন্যও বলেন।
মন্তব্যের অনুরোধে অ্যাটর্নি জেনারেল এর অফিস থেকে তাৎক্ষনিক সাড়া পাওয়া যায়নি।
পানামার শীর্ষ মাদকবিরোধী সরকারি আইনজীবী জেভিয়ার কারাবাল্লো স্থানীয় একটি টেলিভিশনকে জাহাজটি উত্তর কোরিয়ার দিকে যাচ্ছিল বলে জানান।
