যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দিহান মিশরীয়রা
প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ও বিপক্ষে মিশরীয়দের মধ্যে গভীর বিভক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে উভয়পক্ষ একইরকম সন্দিহান।
গত কয়েকদিনে ব্যাপক সহিংসতায় মিশরজুড়ে ৯২ জন নিহত হয়েছে।এতে মিশরবাসী শোকগ্রস্ত হলেও ইসলামপন্থি ও উদারপন্থিতে বিভক্ত এসব মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে একই রকম অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস সোমবার কায়রো যাচ্ছেন। সফরে তাকে মিশরীয়দের মাঝে তৈরি হওয়া সন্দেহের উত্তর দিতে হতে পারে।
চলতি সপ্তাহে বিক্ষোভকারীরা মিশরে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অ্যানি প্যাটারসনের ছবির ওপর “ডাইনি, বাসায় চলে যাও” লিখে মিছিল করেছে।
আরবী ভাষায় দক্ষ বার্নসও মিশরীয়দের মনোভাব বুঝবেন বলেই ধারণা করছেন পর্যবেক্ষকরা।
মিশরের অন্তবর্তী প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের চূড়ান্ত করার পরই বার্নস কায়রো সফরে যাচ্ছেন।সেখানে তিনি নতুন অন্তবর্তী সরকার প্রধান ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, মিশরবাসীদের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন জানাতে বার্নস কায়রো গেছেন। মিশরে সব ধরনের সহিংসতার অবসান এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হন্তান্তর ত্বরান্বিত করা তার এ সফরের উদ্দেশ্য।
মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করলেও একে সেনাঅভ্যূত্থান হিসেবে ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র। প্রতি বছর মিশরকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। মুরসির উচ্ছেদকে সেনাঅভ্যূত্থান বললে যুক্তরাষ্ট্রের আইনানুযায়ী ওই সামরিক সহায়তা স্থগিত করতে হতো।
সামরিক সহায়তা অব্যাহত রাখতেই যুক্তরাষ্ট্র এমন করেছে বলে বিশ্লেষকদের ধারণা।
মুরসির সমর্থক মুসলিম ব্রাদারহুড নির্বাচিত প্রেসিডেন্টকে সেনাঅভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয়েছে বলে দাবি করে আসছে। কিন্তু সেনা প্রধান আব্দেল ফাত্তা আল সিসি দাবি করছেন, জনগণের দাবির প্রতি সাড়া দিয়েই সেনাবাহিনী কাজ করেছে।
একটি বিষয়ে মুরসি শিবির ও মুরসি বিরোধী শিবির একমত, তা হলো যুক্তরাষ্ট্র গোপনে তাদের উভয়েরই বিরোধী তৃতীয় একটি পক্ষকে সহায়তা করছে।
