ছদ্মনামে রাউলিংয়ের অপরাধ বিষয়ক উপন্যাস
ছদ্মনামে একটি অপরাধ বিষয়ক উপন্যাস লেখার কথা স্বীকার করেছেন সাড়া জাগানো কিশোর থ্রিলার ‘হ্যারি পটার’ সিরিজের লেখক জে কে রাউলিং।
একজন যুদ্ধ ফেরত সেনা কিভাবে একজন বেসরকারি তদন্তকারীতে পরিণত হলেন তা নিয়েই‘দ্য কাক্কুস কলিং’ উপন্যাসটি রচনা করেছেন তিনি, জানিয়েছে বিবিসি অনলাইন।
চলতি বছরের এপ্রিলে বাজারে আসে বইটি। লেখকের নাম দেয়া আছে রবার্ট গ্যালব্রেইথ। তিন মাসে বইটির দেড় হাজার কপি বিক্রি হয়েছে।
কোনো নতুন লেখক কিভাবে এতো সুনিপুন উপন্যাস লিখতে পারে সে বিষয়ে সানডে টাইমস পত্রিকা সন্দেহ প্রকাশ করে একটি নিবন্ধ প্রকাশ করে।
নিবন্ধে এ বই নিয়ে অপরাধ বিষয়ক লেখক পিটার জেমস মন্তব্য করেন, “আমার ধারণা খুব অভিজ্ঞ একজন লেখক বইটি লিখেছেন, এটিই তার প্রথম উপন্যাস না।”
সানডে টাইমসের এ নিবন্ধ প্রকাশের পরপরই জে কে রাউলিং বইটি নিজের বলে স্বীকার করেন।
ছদ্মনামে বই প্রকাশের বিষয়ে তিনি বলেন, “রবার্ট গ্যালব্রেইথ হওয়ার স্বতন্ত্র একটা অনুভূতি আছে। বিষয়টাকে উপভোগ করার জন্য আমি আরো কিছুদিন এটি গোপন রাখতে চেয়েছিলাম।”
জনপ্রিয় এ ঔপন্যাসিক আরো বলেন, “কোনো প্রত্যাশা বা মোহ ছাড়া কিছু প্রকাশের অনুভূতি অদ্ভুত। ভিন্ন একটা নামে পাঠকদের এ ধরণের সাড়ায় নির্ভেজাল আনন্দ রয়েছে।”
