রমজানে যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড
থাই সরকার এবং দেশটির দক্ষিণাঞ্চলের মুসলিম বিচ্ছিনতাবাদীদের সঙ্গে রমযান মাসে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।
গত এক দশকে ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ে ৫ হাজারেরও বেশী মানুষ নিহত হয় বলে বিবিসি জানিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই পক্ষের মধ্যে প্রথমবারের মতো শান্তি আলোচনার চুক্তি সই হওয়ার পর যুদ্ধবিরতির ব্যাপারে সম্মতি প্রথম বড় পদক্ষেপ।
মালয়েশিয়া এই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলেও এতে ধীর অগ্রগতি হয়েছে।
মার্চ মাস থেকে বিভিন্ন সময়ে দফায় দফায় আলোচনার পরও প্রায় প্রতিদিনই ওই অঞ্চলে হামলার ঘটনা ঘটছে ।
উভয় পক্ষ “রমযান মাসকে সহিংসতামুক্ত রাখার লক্ষ্যে কাজ করতে সমঝোতায় পৌঁছেছেন" বলে মধ্যস্থতাকারী আহমদ জামজামিন হাশিম জানান।
"রমজান শান্তি উদ্যোগ” এর শর্তাবলী অনুযায়ী থাই নিরাপত্তা বাহিনী "আক্রমণাত্মক কর্মকাণ্ড" থেকে বিরত থাকবে, একই সঙ্গে বারিসান রেভ্যুলিউশি ন্যাশনালসহ (বিআরএন) বিদ্রোহী গ্রুপগুলো থাই সেনাদের বিরুদ্ধে "সশস্ত্র হামলা, বোমা হামলা এবং গোপন আস্তানা লক্ষ করে অতর্কিত আক্রমণ" চালাবে না।
"আমরা ভবিষ্যতে যা অর্জন করতে চাই তার জন্য এটি একটি প্রথম পদক্ষেপ। কোন ঘটনা যদি আর না ঘটে তাহলে আমরা সুড়ঙ্গ শেষে আলো দেখতে পাবো। এটি হবে একটি উদাহরন, শুরুর চিহ্ন হবে এটি," হাশিম বলেন।
