২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভেনেজুয়েলায় আশ্রয় নেবেন স্নোডেন’

যুক্তরাষ্ট্রের শীর্ষ গোপন গোয়েন্দা কার্যক্রমন ফাঁস করে দেয়া সাবেক গোয়েন্দা ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন সম্ভবত ভেনেজুয়েলার দেয়া রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ড মঙ্গলবার এ কথা জানান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jul 2013, 06:36 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

স্নোডেনের ফাঁস করা গোপন গোয়েন্দা কার্যক্রমের নথি সাংবাদিক গ্নেন গ্রিনওয়াল্ডই প্রথম প্রকাশ করেন।

অনলাইনে স্নোডেনের সঙ্গে চ্যাটের মাধ্যমে নেয়া তাৎক্ষণিক এক সাক্ষাৎকার গ্রহণের পর গ্রিনওয়াল্ড জানান, লাতিন আমেরিকার যে তিনটি দেশ স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে তার মধ্যে নিরাপত্তার নিশ্চয়তা বিবেচনায় ভেনেজুয়েলার প্রস্তাবই সম্ভবত স্নোডেন গ্রহণ করতে যাচ্ছেন।

গ্রিনওয়াল্ড এও বলেছেন, এই সমস্যার এখনো জটিল এবং এটি সমাধানে কয়েকদিন বা সপ্তাহও লেগে যেতে পারে।

গোপন তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকস স্নোডেনকে রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে তার আইনি সুযোগ সম্পর্কে উপদেষ্টার ভূমিকা পালন করে যাচ্ছে। মঙ্গলবার উইকিলিকস জানিয়েছে, স্নোডেনের সম্পর্কে বুধবার তারা সম্প্রতিক খবরাখবর জানাবে।

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি অগ্রাহ্য করেই সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রস্তাব দেন।

শুক্রবার দেশটির ভেনেজুয়েলার স্বাধীনতা দিবসের সেনা প্যারেডের ভাষণে মাদুরো বলেন, “আমেরিকার নামের প্রতি সম্মান রেখে মানবিক কারণে আমি এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, পুরো বিশ্বের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির ব্যাপারে সত্য প্রকাশ করা বিদ্রোহী চেতনাসম্পন্ন এক তরুণ সে।”

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ৩০ বছর বয়সী সাবেক ঠিকাদার স্নোডেন মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আশ্রয় নিয়ে আছেন।

গত ২৩ জুন হংকং থেকে ভ্রমণ ভিসায় মস্কো আসার পর থেকে রুশ কর্তৃপক্ষ তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে।

রাশিয়ার বক্তব্য, বিমানবন্দরের ট্রানজিট এলাকা ট্রানজিট যাত্রীদের অপেক্ষা করার জায়গা, যা একটি দেশ নিরপেক্ষ এলাকা। বিমানবন্দরের পাসপোর্ট নিয়ন্ত্রণ এলাকায় না যাওয়া পর্যন্ত বলা যাবে না, তিনি রাশিয়ায় প্রবেশ করেছেন।

রাশিয়া থেকে ভেনেজুয়েলায় সরাসরি যাওয়ার মতো কোনো বাণিজ্যিক বিমান নেই, যেতে হলে কিউবার রাজধানী হাভানায় গিয়ে বিমান পরিবর্তন করে ভেনেজুয়েলায় যেতে হবে।