২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়রোয় নিহত ৫১, ইসলামপন্থিদের আন্দোলনের ডাক

কায়রোয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা নিয়ে ছড়িয়ে পড়া অস্থিরতার মধ্যে গুলির ঘটনায় অন্তত ৫১ জন নিহত হয়েছে । আহত হয়েছে ৪৩৫ জন।দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান মোহাম্মেদ সুলতান একথা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 10:10 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

এ ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উঠে দাঁড়ানোর ডাক দিয়েছে মুরসির মুসলিম ব্রাদারহুড।

ওদিকে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর এ হত্যাকান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। হত্যাকোন্ডের ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

ব্রাদারহুড বলেছে, প্রেসিডেন্সিয়াল গার্ড ব্যারাকে অবস্থান কর্মসূচি চলার সময় তাদের সদস্যদের ওপর গুলি চালানো হয়েছে।তবে সেনাবাহিনী বলেছে, একটি ‘সন্ত্রাসী গ্রুপ’ ব্যারাক ঢুকে হামলা চালানোর চেষ্টা করেছিল।

রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে সেনাবাহিনী গুলির ঘটনার জন্য শসস্ত্র একটি সন্ত্রাসী গ্রুপকে দায়ী করেছে।তারা ব্যারাকে ঢুকে হামলার চেষ্টা চালিয়েছিল বলে জানানো হয়েছে বিবৃতিতে।
মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ব্যাপক গণবিক্ষোভের পর গত সপ্তাহে উৎখাত করে সেনাবাহিনী।গত সপ্তাহান্তে অস্থিরতার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে বহু মানুষ নিহত হয়েছে।

কায়রোর নাসের সিটি এলাকায় প্রেসিডেন্সিয়াল গার্ড ক্লাবে মুরসিকে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হয়।মুরসিকে পুনর্বহালের দাবিতে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে তার সমর্থকরা।

সোমবারের সকালের সহিংসতার পর কট্টরপন্থি সালাফিস্ট নূর পার্টি গুলির ঘটনাটিকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা ৫১ এবং আহতের সংখ্যা ৩শ’ বলে জানিয়েছে।

নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছে এবং অন্য অনেক সেনাও আহত হয়েছে বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে।স্বরাষ্ট্রমন্ত্রণালয় একজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার খবর জানিয়েছে।

টিভি ফুটেজে হতাহতদেরকে হাসপাতালে নিতে দেখা গেছে। তবে সোমবার সকালে ব্যারাকের বাইরে সহিংসতা কিভাবে ঘটেছে তা নিয়ে পরষ্পরবিরোধী খবর পাওয়া গেছে।

মুসলিম ব্রাদারহুড বলেছে, বিক্ষোভকারীরা ভোরের নামাজ আদায়ের সময় তাদের ওপর চড়াও হয় সেনাবাহিনী। বিক্ষোভকারীরা আগে থেকে কিছু জানত না। সেনাবাহিনী তাজা গুলি ব্যবহার করেছে। গুলির পাশাপাশি কাঁদানে গ্যাসও ছোড়ে তারা। সেনাবাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৫৩ এবং এর মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে ব্রাদারহুড।

ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ‘দ্য ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি’ (এফজেপি) এ ঘটনার প্রতিবাদে মিশরের নাগরিকদেরকে আন্দোলনে নামার ডাক দিয়েছে।যারা ট্যাংক দিয়ে বিপ্লবকে দমন করতে ইচ্ছুক শক্তির বিরুদ্ধে বিদ্রোহে নামার এ ডাক দিয়েছে এফজেপি।