২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরোধী নেতার ‘আশা’

সিরিয়ার সরকারবিরোধী ন্যাশনাল কোয়ালিশনের নতুন প্রধান আহমদ জারবা বিদ্রোহীদের কাছে শিগগির অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হবে বলে আশা করছেন। সৌদি আরবের সরবরাহ করা এসব অস্ত্রের সাহায্যে বিদ্রোহীরা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে বলে মনে করছেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Jul 2013, 08:24 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

শনিবার কোয়ালিশনের প্রধান নির্বাচিত হওয়ার পর রোববার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে সৌদি আরবের ঘনিষ্ঠ এই নেতা জানান, সামরিকভাবে বিদ্রোহীদের অবস্থান শক্তিশালী না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত শান্তি আলোচনায় কোয়ালিশন যোগ দেবে না। সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে প্রস্তাবিত শান্তি আলোচনাটি সুইজারল্যান্ডের জেনেভায় হওয়ার কথা রয়েছে।

কোয়ালিশনের প্রধান নির্বাচিত হওয়ার পর বিদ্রোহী কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করতে সিরিয়ার ইদলিব প্রদেশে গিয়েছিলেন তিনি।

সেখানে থেকে ফেরার পর তিনি বলেন, “এই পরিস্থিতিতে জেনেভা যাওয়া সম্ভব নয়। জেনেভা যাওয়ার জন্য লড়াইয়ের ময়দানে আমাদের শক্ত অবস্থান দরকার, কিন্তু এই মূহুর্তে দুর্বল অবস্থানে আছি আমরা।”

সম্প্রতি সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনে সৌদি আরব প্রধান ভূমিকা গ্রহণ করেছে। বিদ্রোহীদের কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করার দায়িত্ব নিয়েছে রাষ্ট্রটি।

এ ধরনের অস্ত্র বিদ্রোহীদের হাতে থাকলে তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর মোকাবিল করতে পারবে কিনা এ প্রশ্নের জবাবে জারবা বলেন, “সেদিকেই এগিয়ে যাচ্ছি আমরা। আমি মনে করি পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। এই অস্ত্রগুলো শিগগিরই সিরিয়ার বিদ্রোহীদের কাছে পৌঁছবে বলে আমার ধারণা ।”

“সিরিয়ার জনগণের জন্য দুই ধরনের সমর্থন নিশ্চিত করার ওপর জোর দিচ্ছি আমি। সামরিক সমর্থন ও মানবিক সমর্থন। ফ্রি সিরিয়ান আর্মি ও মুক্ত এলাকার জন্য অত্যাধুনিক ও মাঝারি পাল্লার অস্ত্র পাওয়ার জন্য কাজ করে যাচ্ছি আমরা।”

আসছে রমজান মাসে যুদ্ধবিরতি করার জন্য আসাদ বাহিনীকে প্রস্তাব দিয়েছেন জারবা। মঙ্গলবার থেকে সিরিয়ায় রোজা শুরু হওয়ার কথা।

যুদ্ধবিরতি কার্যকর হলে হমসের বিদ্রোহীরাও একটু দম ফেলার সুযোগ পাবে। গত দুই সপ্তাহ ধরে শহরটি অধিকার করে রাখা বিদ্রোহীদের ওপর ব্যাপক হামলা পরিচালনা করছে লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সমর্থনপুষ্ট আসাদ বাহিনী।

“হমসে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। আসাদের বাহিনী পরাজয়ের প্রান্তে ছিল, কিন্তু ইরান ও হিজবুল্লাহর সমর্থন নিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে,” বলেন তিনি।