সিরিয়ায় বিপর্যয়ে সরকারবিরোধী বিদ্রোহীরা
সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হমসে ও রাজধানী দামেস্কের আশপাশে হিজবুল্লাহ গেরিলাদের সহায়তাপুষ্ট সরকারি বাহিনীর তীব্র আক্রমণে বিপর্যয়ের মুখে পড়েছে বিদ্রোহীরা। হমসে কয়েকহাজার বেসামরিক নাগরিক অবরুদ্ধ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।
শুক্রবার এ খবর জানিয়েছে দেশটির সরকারবিরোধী আন্দোলনকারীরা।
সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশের এলাকাগুলি ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হমসে বিদ্রোহীদের বিপর্যস্ত করার জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী ব্যাপক আকাশ হামলা ও গোলবর্ষণ করছে।
দামেস্কের কাছে বিদ্রোহীদের অধিকৃত একটি এলাকায় শুক্রবার ব্যাপক গোলাবর্ষণে সরকারবিরোধী আন্দোলনের অন্যতম পরিচিত ব্যক্তি মোহাম্মদ মোয়াজ নিহত হয়েছেন।
মোয়াজের প্রকৃত নাম ফিদা আল বালি। সরকারবিরোধী আন্দোলন শুর হওয়ার প্রায় প্রথম দিকেই তিনি গণমাধ্যমে নিজের সরকারবিরোধী তৎপরতার ভিডিও প্রকাশ করতে দেন। দামেস্কের কাছে বিদ্রোহীদের একটি অভিযানের ভিডিও করার সময় এর আগে একবার আহত হয়েছিলেন তিনি।
হমস সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহের প্রাণকেন্দ্র। শহরটির দখল নেয়ার জন্য আসাদ বাহিনী নতুনভাবে ব্যাপক অভিযান শুরু করেছে।
ইন্টারনেটে আন্দোলনকারীদের আপলোড করা ভিডিওতে দেখা যায়, হমসের ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোতে আগুন জ্বলছে আর ধূসর ধোঁয়ায় রাস্তাগুলো ছেঁয়ে আছে। সরকার পক্ষ ও বিদ্রোহীদের সংঘাতের চিহ্ন বহন করে রাস্তাগুলো ছিন্নভিন্ন হয়ে আছে।
বিধ্বস্ত অ্যাপার্টমেন্ট ব্লকগুলো থেকে মেশিনগানের গুলি ও রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করছে বিদ্রোহীরা।
গত ২৮ জুন থেকে শুরু করা আসাদ বাহিনীর বিদ্রোহী বিরোধী ব্যাপক অভিযানে মারাত্মক বিপর্যয়ের শিকার হচ্ছে বিদ্রোহীরা। আসাদ বাহিনী পশ্চিমের উপকূল থেকে দামেস্ক পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি বিস্তৃত এলাকার দখল নিতে অভিযানটি শুরু করেছে।
কোনো কোনো এলাকায় আসাদ বাহিনীর অগ্রগতি বিদ্রোহীরা স্বীকার করলেও অন্যান্য পক্ষ লড়াইয়ে উভয়পক্ষের মধ্যে ভারসাম্যাবস্থা বিরাজ করছে বলে দাবী করেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন আসাদ বাহিনীর অভিযানকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। হাইকমিশনের শীর্ষ মুখপাত্র রুপর্টি কলভেলি বলেছেন, হমস ও এর আশপাশে দুপক্ষের প্রবল লড়াইয়ের কারণে শহরটিতে আড়াই হাজার থেকে চার হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুইবছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছে বলে দাবী করেছে যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
