২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি আগ্রাসনই একমাত্র হুমকি: আসাদ

বিরোধীদের সব তৎপরতা মোকাবেলা করে সিরিয়া সরকার গৃহযুদ্ধে টিকে থাকবে।কেবলমাত্র সরাসরি বিদেশি আগ্রাসনই এ পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 Jul 2013, 01:54 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

সিরিয়ায় গৃহযুদ্ধের প্রথম দু’বছরে বিদ্রোহীদের ধীর অগ্রগতিতে দেশটিতে কয়েকমাস ধরে রক্তক্ষয়ী সহিংসতা চলে।জুনে সরকারের অভিযানে সীমান্তবর্তী শহরগুলো বিদ্রোহীদের হাতছাড়া হয়ে গেলে পরিস্থিতি আবার আসাদের অনুকূলে চলে আসে।


সিরিয়ার বৃহস্পতিবার প্রকাশিত সরকারি থাওরা পত্রিকায় এক সাক্ষাৎকারে আসাদ বলেন, “তাদের লক্ষ্য আমাদের অবকাঠামো, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা এবং সমাজে পুরোপুরি বিশৃঙ্খলা তৈরি করা।যাতে করে আমরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হই।”


“এ পর্যন্ত আমরা সে পর্যায়ে পৌঁছিনি”, বলেন আসাদ।


তিনি আরো বলেন, সরকারের ভিত কেবল একটি জিনিসই দুর্বল করে দিতে পারে, আর তা হচ্ছে, সরাসরি বিদেশি আগ্রাসন। কিন্তু এ ব্যাপারে বিশ্বের শক্তিধর দেশগুলোর দ্বিধাদ্বন্দ্ব এবং মতবিভেদের কারণে সে আশঙ্কা নেই।


আসাদ বলেন, “তারা আবেগতাড়িত এবং মনস্তাত্বিক পন্থার মতো অনেক উপায়ই কাজে লাগিয়েছে। কেবলমাত্র বিদেশি আগ্রাসনটাই বাকী রয়ে গেছে। কিন্তু এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব আছে।

বেশিরভাগ দেশই আগ্রাসনের বিপক্ষে রয়েছে। সুতরাং, আমরা এ পর্যায়টা দৃঢ়তার সঙ্গে এবং সচেতনভাবে পেরিয়ে যেতে পারলে আর বেশি ভয় পাওয়ার কিছু থাকবে না।”