২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছেন মিশর প্রেসিডেন্ট

সেনাবাহিনীর দেয়া ৪৮ ঘন্টার আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছেন মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসি। সঙ্কট নিরসনে রাজনীতিবিদদের সঙ্গে আপস করতে প্রেসিডেন্টকে সোমবার এ সময় বেঁধে দিয়েছিল দেশটির প্রভাবশালী সেনাবাহিনী।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Jul 2013, 06:59 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার ভোররাতে দেয়া এক বিবৃতিতে, সেনাবাহিনীর আল্টিমেটাম আমলে না নেয়ার কথা জানিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

বিবৃতিতে তিনি, মুরসির পদত্যাগ দাবি করা সরকারবিরোধী উদারপন্থীদের সঙ্গে সমঝোতা করতে সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল সিসির বেঁধে দেয়া ৪৮ ঘন্টার আল্টিমেটামে পরিস্থিতি আরো ঘোলা হয়ে উঠবে বলে মন্তব্য করেন।

প্রেসিডেন্ট মুরসি ৪৮ ঘন্টার মধ্যে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে সঙ্কট নিরসনে সেনাবাহিনী তার নিজস্ব পরিকল্পনা চাপিয়ে দেয়ার যে হুমকি দিয়েছে, মুরসির সমর্থক গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড একে “অভ্যুত্থান” প্রচেষ্টা বলে বর্ণনা করেছে।

তবে ভোররাত ২টায় প্রেসিডেন্ট দপ্তর থেকে ওই বিবৃতি দেওয়া হয়।
এতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর প্রকাশিত বিবৃতি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বিবেচনায় নিচ্ছেন না। এতে এমন কয়েকটি বিষয় আছে যেগুলো জটিল জাতীয় এই পরিস্থিতিকে আরো ঘোলা করে তুলবে।”

আরো বলা হয়, “প্রেসিডেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে যে, ব্যাপকভিত্তিক জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট পূর্ব পরিকল্পিত ছক অনুযায়ীই এগিয়ে যাবেন। এক্ষেত্রে নাগরিকদের মধ্যে বিরাজমান বিভক্তি আরো গভীর করে তুলতে পারে এমন কোনো বিবৃতি আমলে নেয়া হবে না।”

বিবৃতিটি সম্প্রচারের সময় দাপ্তরিক একটি ভিডিও দেখানো হয়, তাতে সেনাপ্রধান আল সিসির সঙ্গে মুরসিকে বৈঠকরত অবস্থায় দেখা গেছে, তবে এটি কবে, কখন ধারণ করা হয়েছে তা জানানো হয়নি।

গত রোববার ক্ষমতায় এক বছর পূর্ণ করা প্রেসিডেন্ট মুরসির পদত্যাগের দাবিতে লাখ লাখ মানুষ মিশরজুড়ে বিক্ষোভ মিছিল করে। তারা মঙ্গলবার বিকেলের মধ্যে মুরসির পদত্যাগ করার সময় বেঁধে দিয়েছে।

বিক্ষোভের সময় সহিংসতায় দেশজুড়ে অন্তত ১৬ জন নিহত হন। ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুডের প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় সরকার বিরোধীরা। পরিস্থিতি বিবেচনায় মুরসির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য ব্রাদারহুড বহির্ভূত পাঁচমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।