২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার অবস্থা ‘গুরুতর হলেও স্থিতিশীল’

তিন সপ্তাহের বেশি সময় ধরে মারাত্মক ফুসফুসে সংক্রমণের চিকিৎসা নিচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তার শারীরিক অবস্থা গুরুতর হলেও তা স্থিতাবস্থায় রয়েছে বলে জানা গেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Jul 2013, 06:00 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

ছয় মাসের মধ্যে তিনি চতুর্থবারের মতো হাসাপাতালে চিকিৎসাধীন হলেন।


বিশ্বব্যাপী ৯৪ বছর বয়সী এই নেতার অগণিত শুভার্থী রয়েছে। কিন্তু এবার দীর্ঘ সময় ধরে হাসাপাতালে চিকিৎসাধীন থাকায় সবার মনে আশঙ্কা ও উপলব্ধি জন্মেছে, তিনি স্বশরীরে চিরকাল থাকবেন না।


ম্যান্ডেলা যে মুহূর্তে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ঠিক সেই সময়েই দেশটির অধিবাসীরা আসন্ন ১৮ জুলাই তার ৯৫তম জন্মদিন উদযাপনের দিকে তাকিয়ে আছেন।


দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সাবেক প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়ে এই দিনে (১৮ জুলাই) আমরা সবাই মানবতার জন্য মঙ্গলজনক কিছু না কিছু করবো। আমাদের সবারই সেই সামর্থ্য রয়েছে।”


ম্যান্ডেলার এই অসুস্থতার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটিতে দু’দিনের সফরে গিয়েছিলেন। তিনি শনিবার ম্যান্ডেলার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ম্যান্ডেলাকে ইতিহাসের অন্যতম মহান ব্যক্তি হিসেবে অভিহিত করেন।


নিজের উপস্থিতি চিকিৎসা কার্যক্রম ব্যাহত করতে পারে আশঙ্কায় ওবামা ম্যান্ডেলাকে দেখতে হাসপাতালে যান নি। তবে ম্যান্ডেলা যে দ্বীপের কারাগারে দীর্ঘ সময় অন্তরীণ ছিলেন সেই রোবেন দ্বীপ পরিদর্শনে গিয়েছিলেন ওবামা।