২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলা বিশ্বের জন্য অনুপ্রেরণা: ওবামা

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা সারা বিশ্বের জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 01:14 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

দক্ষিণ আফ্রিকা সফররত ওবামা শনিবার দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে বৈঠকের পর রাজধানী প্রিটোরিয়ার এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যান্ডেলাকে নিয়ে এ মন্তব্য করেন।

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ম্যান্ডেলা (৭৪) গত প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন বলে দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে।


এর আগে ওবামা বলেছেন, হাসপাতালে ম্যান্ডেলার সঙ্গে ছবি তোলার আগ্রহ তার নেই। তবে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি।


সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসন অবসান এবং কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠায় ম্যান্ডেলার সংগ্রামের কথা স্মরণ করে ওবামা বলেন, নীতির প্রতি অবিচল থাকার যে দৃষ্টান্ত ম্যান্ডেলা তৈরি করেছেন তা প্রেরণার উৎস হয়ে থাকবে।

সাম্প্রতিক দিনগুলোতে ম্যান্ডেলার প্রতি মানুষের ভালোবাসার যে প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে তা ধর্ম, বর্ণ, গোত্র ও দেশ নির্বিশেষে মানুষের সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকেই উর্ধ্বে তুলে ধরছে বলে মনে করেন ওবামা।


এ সময় প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হিসেবে ওবামা ও ম্যান্ডেলা দুজনই ‘ইতিহাসের অংশ’ এবং ‘তারা আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের কোটি মানুষের স্বপ্নকে সামনে নিয়ে এসেছেন, যারা এর আগে সব সময় নিপীড়িত হয়েছে’।


ওবামা ও জুমার বৈঠকে বাণিজ্য, বিনিয়োগসহ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার দ্বিপক্ষীয় নানা বিষয় উঠে আসে। এছাড়া আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশে সংঘাত নিরসন, এইচআইভি/এইডস মোকাবেলায় তৎপরতা বাড়ানোর ওপর জোর দেন তারা।

পুরনো খবর:

অসুস্থ ম্যান্ডেলার দেশে ওবামা