মন্টেনেগ্রোয় বাস নদীতে, নিহত ১৫
রোমানিয়ান লাইসেন্সধারী একটি যাত্রীবাহী বাস মন্টেনেগ্রোর মোরাকা নদীতে পড়ে গিয়ে ১৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, জাদরিজেলো সেতু থেকে বাসটি মোরাকা নদীতে পড়ে ডুবে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে।
মন্টেনেগ্রোর রাজধানী পজোরিকা থেকে ৩০ মাইল উত্তরে এই দুর্ঘটনাটি ঘটে।
মন্টেনেগ্রোয় নিয়োজিত রোমানিয়ার রাষ্ট্রদূত মিহাইল ফ্লোরোভিসি টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, “আমাদের জন্য এটি একটি গুরুতর ট্র্যাজেডি। ৪৬ জন আরোহীর মধ্যে ১৫ জন বাস দুর্ঘটনায় নিহত হয়েছে। আহতদের জীবনরক্ষায় চিকিৎসাকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।।”
তবে তিনি বলেননি, নিহতরা রোমানিয়ার নাগরিক কি না।
এরআগে মন্টেনেগ্রোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৩ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ৮ জনকে পজোরিকা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
