আরব আইডল হলেন ফিলিস্তিনি গায়ক
গানের প্রতিযোগিতা আরব আইডলে চ্যম্পিয়ন হয়েছেন বিয়ের আসরে গান গেয়ে বেড়ানো ২৩ বছর বয়সী ফিলিস্তিনি যুবক মোহাম্মদ আসাফ। তিনি ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বাসিন্দা।
শনিবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা করা হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
এই পর্বে মিশরের আহমেদ জামাল ও সিরিয়ার ফারাহ ইউসেফকে পেছনে ফেলে চ্যম্পিয়ন হন আসাফ। চ্যাম্পিয়ন হিসেবে আসাফের নাম ঘোষণার পরপরই উৎসবের নগরীতে পরিণত হয় গাজা সিটি ও পূর্ব জেরুজালেম। আতশবাজির আলোক ঝলকানির সঙ্গে রাস্তায় নেচেগেয়ে উৎসব করেছেন ফিলিস্তিনের মানুষ।
এই প্রথম গাজায় বসবাসকারি কোনো গায়ক সম্মানজনক কোনো প্রতিযোগিতা জিতলেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসসহ দেশটির প্রায় সব গুরুত্বপিূর্ণ ব্যক্তিই আসাফের পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন। এছাড়া প্রেসিডেন্টের পক্ষ থেকে পোস্টার ও বিলবোর্ডে আসাফের পক্ষে প্রাচারণা চালানো হয়েছে।
যদিও গাজায় ক্ষমতাসীন ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস এই অনুষ্ঠান বা এর সঙ্গীত কোনোটাই পছন্দ করেনি। তাবে তারা বিষয়টি নিয়ে তেমন উচ্চবাচ্যও করেনি।
রৈরুতের এমবিসি টেলিভিশন চ্যানেলে মার্চ থেকে আরব আইডল অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হয়।
আসাফ জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গাজা থেকে মিসর যাওয়ার পথে রাফাহ সীমান্ত অতিক্রমের সময় আটকা পড়েছিলেন তিনি। পরে হামাস কর্মকর্তাদের সহায়তায় সীমান্ত অতিক্রম করেন ।
তবে এরপরও মিশরের অডিশনে সময় মতো পৌঁছাতে পারেনি তিনি। পরে তার গান শুনে ফিলিস্তিনের অন্য এক প্রতিযোগী তার ‘অডিশন স্লট’ আসাফের হাতে তুলে দেন।
ফিলিস্তিনি পিতা-মাতার সন্তান আসাফের জন্ম লিবিয়ায়। কিছুদিন আগেও তাকে কেউ চিনতোই না, কিন্তু প্রতিযোগিতায় জেতার পর স্থানীয় নায়ক হয়ে উঠেছেন তিনি।
