মুম্বাইয়ের কাছে ভবন ধসে নিহত ৯
মুম্বাইয়ের ২০ মাইল দূরে অবস্থিত থানে জেলার ধসে পড়া তিনতলা ভবনটিতে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
মুম্বাইয়ের থানে এলাকায় একটি ভবন ধসে ৯ জন নিহত ও বেশ কয়েকজন আটকা পড়েছেন। বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে বিবিসি ও এনডিটিভি জানিয়েছে।
মুম্বাইয়ের ২০ মাইল দূরে অবস্থিত থানে জেলার ধসে পড়া তিনতলা ভবনটিতে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
থানির মুমব্রা এলাকায় শকুন্তলা নামের ধসে পড়া ওই ভবন থেকে এ পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
তবে ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।
কিন্তু বিবিসির মুম্বাই প্রতিনিধি জানিয়েছেন, ভারতে এ ধরনের ভবন ধসের ঘটনা একটি সাধারণ বিষয়। এ ক্ষেত্রে নিম্নমানের নির্মাণ সামগ্রীকেই সচরাচর দায়ী করা হয়।
দুই মাস আগে এপ্রিলে মুমব্রা এলাকায় আরেকটি ভবন ধসে ৭৪ জন মানুষ নিহত হন।
চলতি মাসের শুরুর দিকে মুম্বাইয়ে একটি পাঁচ তলা ভবন ধসে পড়ে ৫ ব্যক্তি নিহত হয়।
ভবনটিতে নয়টি পরিবার বসবাস করতো। ধসে পড়ার সময় সব পরিবারের বাসিন্দারাই ঘুমে ছিল বলে থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখপাত্র সন্দিপ মালভি বিবিসিকে জানিয়েছেন।
ভবনটি ধসে পড়ার কারণ জানা না গেলেও সন্দিপ বলেছেন, এটি একটি পুরাতন ভবন ছিল।
১৯৭৯ সালে ভবনটি নির্মিত হয়। তবে গত কয়েকদিন এই এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে এমনটি ঘটে থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।
এই দুর্ঘটনায় ১৪ ব্যক্তি আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘ধসে পড়া ভবনের ভেতরে অনেকে আটকা পড়ে রয়েছেন। উদ্ধার তৎপরতা পুরোপুরি শুরু হয়েছে’ বলেন সন্দিপ।
২০১০ সালে দিল্লিতে একই ধরনের ভবন ধসের ঘটনায় ৬৯ জন মানুষ নিহত হয়।
