২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের সঙ্গে আলোচনা বয়কট করছেন কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বুধবার বলেছেন, ‘আফগানিস্তানের নেতৃত্বে’ পরিচালিত না হওয়া পর্যন্ত আফগানিস্তান তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবে না।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 01:52 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তালেবানদের সঙ্গে আফগান সরকারের ঘোরতর অবিশ্বাস থাকলেও শান্তির স্বার্থেই আফগানদেরকে একে অপরের সঙ্গে আলোচনায় বসতে হবে।

বুধবার বার্লিনে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ওবামা একথা বলেন।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার তালেবানদের সঙ্গে কাতারের দোহায় সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দেয়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট কারজাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন।যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০১৪ সাল পরবর্তী নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেন তিনি।

এরপরপরই তালেবানদের সঙ্গে পূর্বঘোষিত শান্তি আলোচনা বয়কটের সিদ্ধান্ত জানালেন কারজাই।এর আগে কারজাই কাতারে প্রতিনিধি পাঠিয়ে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর ঘোষণা দিয়েছিলেন।

সংবাদদাতারা বলছেন, তালেবানরা আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রতিশ্রুতি না দেয়ায় কারজাই ক্ষুব্ধ হয়েছেন।

কারজাইয়ের কার্যালয় থেকে বলা হয়েছে, আলোচকরা কাতার আলোচনা থেকে সরে আসবেন।বিশ্বের শক্তিধর দেশগুলো শান্তি প্রক্রিয়া আফগানিস্তানের পরিচালনায় হতে না দেয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না।

ওদিকে, ওবামা বলেছেন, আফগানিস্তানকে সহিংসতার অবসান ঘটিয়ে দেশকে প্রকৃতই গড়ে তোলার পথে এগুতে হলে আফগানদের সঙ্গে আফগানদের আলোচনা হওয়া প্রয়োজন বলেই যুক্তরাষ্ট্র মনে করছে।