অগাস্টে শুরু হবে সাইফের বিচার
লিবিয়ার সাবেক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের বিচার অগাস্টে শুরু হবে বলে সরকারপক্ষীয় আইনজীবীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
গাদ্দাফির শাসনামলে সাইফসহ অন্যান্য ঊর্ধ্বতন সদস্যদের বিরুদ্ধে ধর্ষণে প্ররোচনা, বেআইনিভাবে আটক রাখা এবং অপরাধী ক্যাডার বাহিনী গঠনের অভিযোগ আনা হবে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।
তারা ‘নিরপেক্ষ বিচার পাবেন’ বলে আশ্বস্ত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জিদান।
সাইফ আল ইসলামের বিচার হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ প্রত্যাখ্যান করেছে লিবিয়া।
আইসিসি তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে তার বিচার করতে চায়। কিন্তু লিবিয়া জানিয়েছে, সাইফের বিচার দেশের বিদ্যমান বিচার ব্যবস্থাতেই সম্ভব।
লিবিয়ায় সাইফের অপরাধ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।
লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী আল বাগদাদি আল মাহমৌদি এবং সাবেক গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল সেনুসির বিচারও অগাস্টেই শুরু তে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১১ সালের শেষদিকে লিবিয়ার বিদ্রোহীদের হাতে আটক হওয়ার পর থেকে সাইফ আল ইসলাম এখন পর্যন্ত পশ্চিম লিবিয়ার জিনতান শহরে বন্দি আছেন।
দুই বছর আগে তার পিতা কর্নেল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহের আগ পর্যন্ত সাইফ তার পিতার সবচেয়ে যোগ্য উত্তরসূরী হিসেবে বিবেচিত ছিলেন।
