২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

তুরস্কের ইস্তাম্বুল শহরের তাকসিম স্কয়ারে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে মঙ্গলবার দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে। প্রধানমন্ত্রী তায়িপ এরদোয়ান বিক্ষোভকারীদের নেতাদের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করার পরপরই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Jun 2013, 11:28 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

তাসকিম স্কয়ারের একটি পার্ককে (গেজি পার্ক) বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করার সরকারি পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার প্রতিবাদে স্কয়ারটিতে অবস্থান নিয়েছিল বিক্ষোভকারীরা। প্রতিবাদ শুরুর পর থেকে এই প্রথম স্কয়ারটিতে প্রবেশ করলো পুলিশ।

স্কয়ারে অবস্থান নেওয়া শত শত বিক্ষোভকারীকে লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ও জলকামান থেকে পানি নিক্ষেপ করে পুলিশ। জবাবে বিক্ষোভকারীরা পুলিশের প্রতি পাথর, পটকা ও পেট্রল বোমা নিক্ষেপ করে।

এ্রর কাছেই স্কয়ার থেকে পার্কটির প্রবেশ পথের সিড়িতে কয়েকশত বিক্ষোভকারী কাঁদুনে গ্যাসের ঝাঁঝ থেকে বাঁচতে মুখোশ পড়ে অবস্থান নেয়।

“প্রত্যেক এলাকাই তাকসিম, প্রত্যেক এলাকাই প্রতিরোধের,” শ্লোগান দেয় তারা।

এ সময় আক্রমণ না করার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানায় পুলিশ। লাউডস্পিকারে তারা বলে, “প্রিয় গেজির বন্ধুরা, এই পরিস্থিতিতে আমরা সন্তুষ্ট নই। আমরা হস্তক্ষেপ করতে চাই না। আমরা আপনাদের ক্ষতি করতে চাই না। অনুগ্রহ করে আপনারা এলাকাটি ছেড়ে যান।”

“আপনারা পাথর ও বোতল না ছুড়লে আমরা হস্তক্ষেপ করবো না। সংঘর্ষ থামান,” সংঘর্ষ চলার মধ্যেই এক পুলিশ কর্মকর্তা বিক্ষোভকারীদের প্রতি এ আহ্বান জানান।

স্কায়ারের মধ্যে মাথা উচুঁ করে থাকা এক ভবনে বিক্ষোভকারীদের ঝুলানো ব্যানারগুলো সরিয়ে নেয় পুলিশ। ভবনটিতে তুরস্কের বিশাল একটি পতাকা ও আধুনিক তুরস্কের জনক মুস্তাফা কামাল আতাতুর্কের একটি ছবি ঝুঁলিয়ে দেয় পুলিশ।

গেজি পার্ক সংলগ্ন প্রতিবাদকারীদের এই জমায়েত ভাঙার কোনো ইচ্ছা পুলিশের ছিল না বলে দাবী করেছেন স্থানীয় গভর্নর।

দুই সপ্তাহ আগে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এ প্রতিবাদ পরবর্তীতে সরকার বিরোধী বিক্ষোভের রূপ নেয়। এরপর থেকে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত তিনজন নিহত ও প্রায় পাঁচহাজার জন আহত হয়।