কারান্তরীণ চীনা নোবেল বিজয়ীর শ্যালকের কারাদণ্ড
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কারান্তরীণ চীনা মানবাধিকার কর্মী লিউ জিয়াবোর শ্যালককে প্রতারণার দায়ে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত।
আদালতের দেয়া রোববারের এ রায় লিউ পরিবারকে হেনেস্থা করার সরকারি প্রচেষ্টার অংশ বলে মনে করছেন অধিকার আন্দোলনের কর্মীরা।
দণ্ডপ্রাপ্ত লিউ হুই চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেং এর একটি আবাসন কোম্পানির ব্যবস্থাপক ছিলেন। এক সহকর্মীর সহযোগীতায় তিনি ঝ্যাং বিং নামের এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে প্রায় চার লাখ নব্বই হাজার ডলার হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছিল।
যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ না থাকার পরও তার মক্কেলকে শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন হুইয়ের আইনজীবী মো শ্যায়োপিং।
মো জানিয়েচেন, হুই নিজেকে নির্দোষ দাবী করেছেন।
২০১০ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগে থেকেই কারাগারে ছিলেন লিউ জিয়াবো।
পুরস্কার পাওয়ার পর থেকে তার স্ত্রী লিউ শিয়াকে গৃহবন্দী করে রেখেছে চীনা কতৃপক্ষ। দণ্ডপ্রাপ্ত হুই শিয়ার ভাই।
