২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঔপনিবেশিক আমলের নির্যাতনের জন্য ক্ষতিপূরণ

গত শতকের পঞ্চাশের দশকে কেনিয়ায় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইরতদের ওপর নির্যাতনের জন্য ক্ষতিপূরণ দেবে যুক্তরাজ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

ওই নির্যাতনের জন্য অনুতাপও প্রকাশ করেছে প্রায় দেড়শ’ বছর ভারতবর্ষ শাসন করে যাওয়া দেশটি, যাদের ঔপনিবেশিক শাসনের সময়কার নির্যাতন-নিপীড়নের ক্ষত রয়েছে বাংলার মাটিতেও।

কেনিয়ায় ব্রিটিশ শাসন অবসানের জন্য যারা অস্ত্র ধরেছিলেন তাদের মধ্যে নির্যাতনের ক্ষত নিয়ে বেঁচে থাকা ব্যক্তিরা এ ক্ষতিপূরণ পাবেন।

এমন পাঁচ হাজার দুইশ’ ব্যক্তির জন্য তিন কোটি ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ।

বৃহস্পতিবার লন্ডনে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, “ব্রিটিশ সরকার স্বীকার করে যে, ঔপনিবেশিক প্রশাসনের হাতে কেনিয়ার জনগণ নির্যাতনসহ নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। এসব নির্যাতন-নিপীড়নের জন্য ব্রিটিশ সরকার অনুতপ্ত।” গত অক্টোবরে আদালতের এক আদেশে কেনিয়ার তিন নাগরিক ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময়ের নির্যাতনের জন্য ব্রিটিশ সরকারের কাছে কৈফিয়ত তলবের অনুমতি পায়। তারপর ওই সময়ের নির্যাতনের জন্য ক্ষতিপূরণ দিতে রাজি হয়ে বিষয়টির রফা করে ব্রিটিশ সরকার।

এছাড়া ঔপনিবেশিক আমলে নির্যাতিতদের স্মরণে কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি সৌধ নির্মাণের জন্য অর্থ দিতেও রাজি হয়েছে যুক্তরাজ্য, ভারতবর্ষে যাদের ঔপনিবেশিক শাসনে নির্যাতন সয়েছেন অগণিত মানুষ। স্বাধীনতার জন্য অস্ত্র ধরায় ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে ক্ষুদিরাম, সূর্যসেনসহ অনেককে।

আফ্রিকায় ব্রিটিশ শাসনের `নিষ্ঠুরতম’ অধ্যায়ের একটি ছিল ১৯৫২ থেকে ১৯৬১ সালের জরুরি অবস্থা, যখন স্বাধীনতার জন্য লড়াইরত কয়েক হাজার মাউ মাউ বিদ্রোহীকে হত্যা করা হয়।

তখন ঔপনিবেশিক শাসকের কারাগারে আটক দেড় লক্ষাধিক মানুষকে সইতে হয় ‘বর্বরোচিত’ নির্যাতন, যা অব্যাহত ছিল ১৯৬৩ সালে কেনিয়া স্বাধীন হওয়া পর্যন্ত।