২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় গোলান ক্রসিং ফের `সেনাবাহিনীর দখলে’

সিরিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার গোলান মালভূমির জাতিসংঘ পরিচালিত সীমান্ত-ক্রসিং বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করেছে বলে জানিয়েছে ইসরায়েলের কয়েকটি সামরিক সূত্র।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 10:43 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

বিবিসি’র খবরে বলা হয়, ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখন্ডের কাছে কুনেইত্রায় ট্যাংক এবং সাজোঁয়া যান ব্যবহার করেছে সেনারা।তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে বিদ্রোহীরা সীমান্ত ক্রসিংটি কিছুক্ষণের জন্য দখল করে নিয়েছিল।

‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর প্রধান রমি আব্দুলরহমান প্রাথমিক খবরে জানিয়েছিলেন, “অধিকৃত গোলান মালভূমির পুরোনো শহর কুনেইত্রার কাছে সীমান্ত-ক্রসিং বিদ্রোহীরা দখল করেছে।”

কিন্তু পরে ইসরায়েলেরে এক সামরিক সূত্রে বলা হয়, সিরিয়ার সরকারি বাহিনী কয়েকঘণ্টা পর সীমান্ত-পারাপার এলাকাটি পুনর্দখল করেছে।এখন সেখানে অপেক্ষাকৃত শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

তবে ক্রসিংটি কারা নিয়ন্ত্রণ করছে সেটি স্পষ্ট নয় বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

ক্রসিং দখলের লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনী যে ট্যাংক এবং সজোঁয়া যান ব্যবহার করেছে তা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ইসরায়েলি ওই সামরিক সূত্র।

ওদিকে, ক্রসিংটি পাহারায় থাকা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে বলে জানানো হয় খবরে।

ইসরায়েলের কর্মকর্তারা সিরিয়ার গৃহযুদ্ধ সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।গোলান মালভূমি থেকে ইসরায়েলে হামলা হতে পারে বলে তারা শঙ্কিত।

অস্ট্রিয়া জানিয়েছে, কুনেইত্রা শহর এবং সীমান্ত-ক্রসিং ঘিরে লড়াই বাড়তে থাকায় শান্তিরক্ষীদেরকে এলাকাটি থেকে প্রত্যাহার করে নেয়া হচ্ছে।

সীমান্ত ক্রসিং এর অসামরিক এলাকা এবং কুসাইর পর্যবেক্ষণে নিয়োজিত ৯শ’রও বেশি জাতিসংঘ শান্তিরক্ষীর এক তৃতীয়াংশই অস্ট্রিয়ার সেনা।

ফলে অস্ট্রিয়ার সেনাদের প্রত্যাহার করা হলে শান্তিরক্ষা মিশনের ওপর তা নেতিবাচক প্রভাব ফেলবে বলেই জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র জোসেফাইন গুয়েরেরো।