মিশরে মার্কিন মন্ত্রীর সন্তানসহ ৪৩ জন এনজিওকর্মী দণ্ডিত
মিশরের অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে বিদেশিসহ অভিযুক্ত ৪৩ জন এনজিও কর্মীকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। দণ্ডিতদের মধ্যে যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রীর ছেলেও রয়েছেন।
মঙ্গলবার কায়রোর একটি আদালতের বিচারক মাকরাম আওয়াদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতদের অধিকাংশের অনুপস্থিতিতেই তাদের বিরুদ্ধে রায় ঘোষিত হয়। রায়ে মিশরে কার্যক্রম পরিচালনারত বেশ কয়েকটি এনজিও’র কার্যক্রম বন্ধ করে তাদের সব সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত ৪৩ জনের মধ্যে ২৭ জনকে তাদের অনুপস্থিতিতে সর্বোচ্চ পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর পাঁচজনের প্রত্যেককে দুই বছর ও অপর ১১ জনের প্রত্যেককে ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
রায় ঘোষণার সময় এক মার্কিন নাগরিকসহ আদালতে মাত্র পাঁচ অভিযুক্ত উপস্থিত ছিলেন।
পাঁচ বছর কারাদণ্ডের শাস্তি প্রাপ্তদের মধ্যে ১৫ জন মার্কিন নাগরিক। এদের মধ্যে মার্কিন পরিবহন মন্ত্রী রে ল্যাহুডের ছেলে স্যাম ল্যাহুডও আছেন।
দুই বছর কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে অপর এক মার্কিন নাগরিক রয়েছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত থাকলেও আইনজীবীর পরামর্শে রায় ঘোষণার পর মিশর ছেড়ে যান। এই একই দণ্ড পাওয়াদের মধ্যে এক জার্মান নারীও রয়েছেন।
অভিযুক্ত বিদেশি নাগরিকদের অধিকাংশই যুক্তরাষ্ট্র, জার্মানি, সার্বিয়া ও আরব দেশগুলোর নাগরিক। তাদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর গত বছর এদের অধিকাংশই মিশর ছেড়ে যান।
দণ্ডিতরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
রায়ে যেসব এনজিও বন্ধের নির্দেশ দেওয়া হযেছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের দুটি রাজনৈতিক দলের দুটি এনজিও আছে। এদের একটি যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) ও অপরটি ন্যাশনাল ডেমক্রেটিক ইন্সস্টিটিউট (এনডিআই)।
২০১১ সালের শেষ দিকে সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর মিশরে যখন সামরিক শাসন চলছে, তখন অনেকগুলো মিশরীয় এনজিওসহ আইআরআই ও এনডিআই এর দপ্তরে অভিযান চালায় পুলিশ।
এনজিওগুলোর বিরুদ্ধে বিনা অনুমতিতে কার্যক্রম পরিচালনা ও অবৈধ বিদেশি তহবিল গ্রহণের অভিযোগ আনা হয়। গৃহীত তহবিলের অর্থ তৎকালীন সরকারবিরোধী বিক্ষোভ পরিচালনায় ব্যবহৃত হয় বলেও অভিযোগ করা হয়।
অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট এনজিওগুলো।
২০১২ সালে শুরু হওয়া এই বিচার মিশর ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নাজুক করে তুলেছে। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই রায়ের সমালোচনা করে এটিকে “মিশরের গণতান্ত্রিক উত্তরণের সঙ্গে বেমানান” বলে মন্তব্য করেছেন।
