চীনে পয়ঃনিষ্কাশন পাইপ থেকে নবজাতক উদ্ধার
চীনে একটি পয়ঃনিষ্কাশন পাইপের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
টয়লেটে অনাকাঙ্খিতভাবে জন্ম নেয়া শিশুটি দুর্ঘটনাক্রমে ১০ সেন্টিমিটার ব্যাসের ওই পাইপের ভেতরে চলে গিয়েছিল বলে দাবি তার মায়ের।
গত শনিবার দেশটির জিনহুয়া শহর থেকে উদ্ধার হওয়া এ শিশুকে হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়েছে। শিশুটি এখন সুস্থই আছে বলে খবর দিয়েছে চীনা গণমাধ্যম ঝিজুয়াং নিউজ।
পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, গর্ভধারণ করা ২২ বছর বয়সী ওই নারী অবিবাহিত ছিল।তাই গর্ভধারণের ব্যাপারটি সে প্রকাশ করতে চায়নি।তাছাড়া, গর্ভপাত করার সামর্থ্যও তার ছিল না।
ফলে অনাকাঙ্খিতভাবেই শিশুটির জন্ম হয়।জন্মের সময় শিশুটিকে ধরে রাখার চেষ্টা করা সত্ত্বেও হাত থেকে পিছলে গিয়ে ঘটে ওই বিপত্তি।
তবে ওই নারী এ খবরটি প্রথমে লোকজনকে জানালেও শিশুটি তার নিজের বলে স্বীকার করেনি।
বিবিসি জানায়, চিকিৎসাধীন শিশুটির মাথায় ও হাতের কনুইয়ে সামান্য ক্ষত রয়েছে। চিকিৎসকরা হাসপাতালে ইনকিউবেটরের নম্বর অনুযায়ী শিশুটির নাম রেখেছে ‘বেবি নম্বর ৫৯’।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, শিশুটির মা দুর্ঘটনার কথা তার বাড়ির মালিককে জানিয়েছিল। কিন্তু শিশুটিকে লালনপালন করতে পারবেন না মনে করে শিশুটি তার নিজের বলে জানায়নি।
শিশুটি উদ্ধার হওয়ার পর ওই নারী কাজে চলে যায়। পরে পুলিশের চাপের মুখে সে শিশুটি নিজের বলে স্বীকার করে।এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিতবে ঘটানো হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।
