দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে তৃতীয় রেল দুর্ঘটনা
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে একটি রাসায়নিক মালবাহী ট্রেন একটি লরিকে সজোরে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকেও শোনা গেছে।
মঙ্গলবার রাত ১২টার কিছুক্ষণ পর মেরিল্যান্ডের বাল্টিমোরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
বিস্ফোরণের পর ট্রেনটিতে আগুন ধরে যায়। এতে ঘন কালো ধোঁয়ার আশপাশ ছেয়ে যায়।
মারাত্মক আহত লরিচালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন লাগা রাসায়নিকগুলোর মধ্যে কোনো বিষাক্ত পদার্থ না থাকায় ছড়িয়ে পড়া ধোঁয়ায় বিষক্রিয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাই ওই এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার কোনো নির্দেশনা জারি করা হয়নি বলে জানিয়েছেন তারা।
দুই সপ্তাহের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় রেল দুর্ঘটনা।
দুর্ঘনায় ১৫টি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন বাল্টিমোর কাউন্টির শীর্ষ কর্মকর্তা কেভিন কামেনেতজ্।
“বিস্ফোরণের শব্দ আধমাইল দূর থেকেও শোনা গেছে। এটি ভয়াবহ বিস্ফোরণ। কারো মৃত্যু যে হয়নি এটাই সবচেয়ে বড় কথা,” বলেন তিনি।
ট্রেনটিতে সোডিয়াম ক্লোরাইড বহন করা হচ্ছিল বলে জানিয়েছেন কার্গো কোম্পানির এক কর্মকর্তা।
তবে বাল্টিমোর কাউন্টির দমকল বিভাগের প্রধান জন হোহম্যান জানিয়েছে, যে বগিগুলোতে আগুন লেগেছে তার কোনটাতেই সোডিয়াম ক্লোরাইড ছিল না।
আগুন লাগা বগিগুলোতে ফ্লোরোসিলিক এসিড ও টেরেফথ্যালিক এসিড ছিল বলে জানিয়েছে বাল্টিমোরের জননিরাপত্তা দপ্তর।
বিস্ফোরণের ধাক্কায় আশপাশের ভবনগুলোর জানালা ও অন্যান্য হালাকা জিনিসপত্র ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দুর্ঘটনার পাঁচ থেকে দশ মিনিট পর বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
