সিরিয়ায় আগ্রাসন রুখতে অস্ত্র দিচ্ছে রাশিয়া
রাশিয়া বলেছে, তারা সিরিয়াকে বিমান-বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এস-৩০০ সরবরাহ করবে। এই সমরাস্ত্র দিয়ে সিরিয়া বিদেশি আগ্রাসন প্রতিহত করতে পারবে বলে জানিয়েছে মস্কো।
বিবিসি জানায়, রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মঙ্গলবার বলেছেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সিরিয়ায় ‘স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নিয়ামক শক্তি’ হিসেবে কাজ করবে এবং দেশটিতে বহিঃশক্তির হস্তক্ষেপ প্রতিহত করতে সহায়ক হবে।
সিরিয়ার বিদ্রোহীদের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইউরোপীয় সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেছে রাশিয়া। রিয়াবকভ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের এ সিদ্ধান্ত জেনেভায় অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে নেতিবাচক প্রভাব ফেলবে।
রিয়াবকভ জানান, সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার চুক্তি কয়েক বছর আগেই সই হয়েছে।“এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে তা সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠাসহ বিদেশি শক্তির হস্তক্ষেপ রুখতে সহায়ক হবে বলেই আমি মনে করি”, সাংবাদিকদের বলেন তিনি।
“রাশিয়া আন্তর্জাতিক আইন সম্পূর্ণভাবে মেনেই সিরিয়াকে এ অস্ত্র সরবরাহের পদক্ষেপ নিচ্ছে” বলে জানান ন্যাটো জোটে নিযুক্ত রুশ প্রতিনিধি আলেক্সান্ডার গ্রুশকো।তিনি বলেন, “আমরা সিরিয়ার পরিস্থিতিকে বদলে দেয়ার মতো কিছু করছি না।”
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির বেশ কয়েকটি প্রচেষ্টা এ পর্যন্ত প্রতিহত করে এসেছে রাশিয়া। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে আগামী মাসে জেনেভায় একটি শান্তি সম্মলন আয়োজনের চেষ্টা করছে।
এরই মধ্যে সিরিয়া থেকে ইইউ অস্ত্র নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার সিদ্ধান্তের কারণে ব্রিটেন এবং ফ্রান্স এখন অগাস্ট মাস থেকেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহ করতে পারবে।
দেশ দুটি এ পর্যায়েই সিরিয়ায় অস্ত্র সরবরাহ না করার প্রতিশ্রুতি দিলেও ইইউ কর্মকর্তারা বলছেন, অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষের পর ১ অগাস্ট থেকে কার্যত তাদের এ প্রতিশ্রুতি আর বহাল থাকবে না।
