২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সিরিজ গাড়িবোমা হামলায় নিহত ৭০

ইরাকের রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় বসরার শিয়া মুসলিম এলাকাগুলোতে সোমবার দফায় দফায় গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৭০ জন মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১৫০ জন। পুলিশ ও চিকিৎসাকর্মীরা একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 08:46 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। বসরায় দুটি গাড়িবোমা বিস্ফোরণের একটিতে নিহত হয়েছে ৯ জন। বসরার সাদ স্কয়ারের বাস টার্মিনালে দ্বীতিয় গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছে আরো ৫ জন।

অন্যদিকে, বাগদাদে পূর্বাঞ্চলীয় কামালিয়ার শিয়া অধ্যুষিত ব্যস্ত বাজারে দাঁড় করে রাখা একটি গাড়িবোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।তাছাড়া, আরো কয়েকটি শিয়া এলাকা ইলাম, দিয়ালা ব্রিজ, আল শুরতা, শুলা এবং সদও সিটিতে বোমা হামলায় আরো ৩০ জন নিহত হয়েছে।

বাগদাদের উত্তরাঞ্চলে শাব শিয়া এলাকায় দাঁড় করে রাখা আরেকটি গাড়ি বোমা বিষ্ফোরণে নিহত হয়েছে ১২ জন।

ইরাকে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে নতুন করে এ বোমা হামলা হল।

শিয়া মুসলিম সম্প্রদায় অধ্যুষিত বসরা এরআগে তুলনামূলক শান্তিপূর্ন থাকলেও সাম্প্রতিক সময়ে শহরটিতে সহিংসতা বেড়েছে।

মার্চে শহরটিতে এক গাড়িবোমা হামলায় ১০ জন নিহত ও অনেকে আহত হয়। শনিবার অস্ত্রধারীদের গুলিতে সেখানে এক সুন্নি ধর্মীয় নেতা নিহত হন। সোমবারও পৃথক এক ঘটনায় আনবার প্রদেশে বন্দুকধারীদের হামলায় ৭ পুলিশ নিহত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাগুলোতে ইরাকে রাজনৈতিক ও শিয়া-সুন্নি সাম্প্রদায়িক সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

রোববার উত্তর-পশ্চিমাঞ্চলে এক হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়। কর্তৃপক্ষ দাবি করেছে, সুন্নি সশস্ত্র জঙ্গিরা এই হামলা চালিয়েছে।