সিরিয়ায় মার্কিন সেনা পাঠানোর ইচ্ছা নেই ওবামার
সিরিয়ায় মার্কিন সেনা পাঠাচ্ছেন, এমন কোনো দৃশ্য দেখছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
শুক্রবার কোস্টা রিকার প্রেসিডেন্ট লাউরা চিনচিলার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা এ কথা বলেন।
তবে রাসায়নিক অস্ত্র ব্যবহারের আরো প্রমাণ পাওয়া গেলে সিরিয়ার বিষয়ে সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তিত হবে বলে জানান তিনি।
ওবামা জোর দিয়ে বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন কিনা তা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্র, এ অবস্থায় সিরিয়ার বিষয়ে কোনো বিকল্পই বাতিল করে দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
তবে ওবামা পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি সিরিয়ায় সেনা পাঠানোর কথা ভাবছেন না।
তিনি বলেন, “আমি এ ধরনের কোনো ছবি আঁকছি না।”
মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলের নেতারাও তার সঙ্গে এ বিষয়ে একমত হয়েছেন বলে জানান তিনি।
যদি দেখা যায়, সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, তাহলে সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গৃহীত চলামান পদক্ষেপের বাইরে আরো বেশি কিছু করার জন্য ওবামার ওপর চাপ সৃষ্টি হবে। তাই সিরিয়ার বিদ্রোহীদের মারণাস্ত্র সরবরাহের কথা বিবেচনা করে দেখছে ওবামা প্রশাসন।
সিরিয়া লড়াইয়ে প্রেসিডেন্ট আসাদ পক্ষের নেওয়া পদক্ষেপের বিষয়ে একটি ‘রেড লাইন’ এর কথা বলেছেন ওবামা, এই রেড লাইন অতিক্রম করলে সিরিয়া সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ার করেছেন ওবামা।
বিদ্রোহীদের বিরুদ্ধে বাশার সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহার ‘রেড লাইন’ অতিক্রম করার মতো ঘটনা হতে পারে।
ইতোমধ্যে সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা পরস্পরের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করার অভিযোগ করেছে।
সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে প্রমাণ এখনও পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ওবামা।
সিরিয়া সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলমান গৃহযুদ্ধে গত দুই বছরে ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
