২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টন হামলা তদন্তে যুক্তরাষ্ট্রকে কাজাখস্তানের সহযোগিতা

বস্টনে ১৫ এপ্রিলের ম্যারাথন দৌড়ে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে কাজাখস্তান যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে বলে জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 May 2013, 10:45 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

বস্টন পুলিশ আটক তিন কলেজ ছাত্রের বিরুদ্ধে হামলার ঘটনা তদন্তে বাধা দেয়ার অভিযোগে এনেছে, যাদের দুইজনই কাজাখস্তানের নাগরিক।

বৃহস্পতিবার কাজাখস্তান জানায়, তারা যে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে। আর সে কারণেই তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে।

কাজাখস্তানের দুই নাগরিকের নাম আজামাত তাজাইয়াকভ এবং দিয়াস কাদিরবায়েভ।তাদের বিরুদ্ধে আলামত নষ্টের অভিযোগ রয়েছে।

আর তৃতীয়জন ১৯ বছর বয়সী এক মার্কিন নাগরিক।তার বিরুদ্ধে তদন্তকারীদেরকে মিথ্যা জবানবন্দি দেয়ার অভিযোগ রয়েছে।তবে তিনজনের কেউই হামলা পরিকল্পনায় জড়িত ছিল না।

কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে বলেছে, তারা যে কোনো ধরনের সন্ত্রাসের তীব্র নিন্দা জানায় এবং বস্টন হামলার ঘটনায় তারা যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সহযোগিতা করছে।

মার্কিন তদন্তকারীরা এর আগে হামলার ঘটনায় চেচেন বংশোদ্ভূত দুই ভাইকে চিহ্নিত করে।তারা প্রেসার কুকারে বানানো বোমা নিয়ে ১৫ এপ্রিলের ওই হামলা চালিয়েছিল বলে জানা গেছে তদন্তে।ওই হামলায় তিনজন নিহত এবং ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়।

ওই দুই ভাইয়ের একজন তামেরলান সারনায়েভ(২৬)পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়।আর তার ছোটভাই জোখার সারনায়েভ(১৯)পুলিশের গুলিতে আহত হয়ে কারা হাসপাতালে চিকিৎসাধীন।তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে।

তদন্তে বাধা দেয়ার অভিযোগে অভিযুক্ত তিন ছাত্র জোখারের কলেজের বন্ধু বলে জানানো হয়েছে।বুধবার তাদেরকে প্রাথমিকভাবে আদালতে হাজির করা হয়।তিনজনের কেউই অভিযোগের বিরুদ্ধে আপিল করেনি।

মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দোষ প্রমাণিত হয়নি। তদন্ত এখনো চলছে।