২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া কিছু রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল বৃহস্পতিবার বলেছেন, মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস, সিরিয়া সরকার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের লড়াইয়ে লিপ্ত বিদ্রোহীদের ওপর স্বল্প মাত্রায় সারিন গ্যাস হামলা চালিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Apr 2013, 06:24 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

ইউনাইটেড আরব আমিরাত সফরকালে হ্যাগেল আবু ধাবিতে সাংবাদিকদেরকে বলেন, “এদিন(বৃহস্পতিবার)সকালেই হোয়াইট হাউজ সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যাবহারের বিষয়টি নিয়ে কংগ্রেসের কয়েকজন সদস্যকে চিঠি দিয়েছে।ওই চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এ ব্যাপারে কিছুটা নিশ্চিত হয়েছেন যে, সিরিয়ায় সরকার স্বল্প মাত্রায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।”

বিশেষত, সারিন গ্যাস ব্যবহার করা হয়েছে বলে জানান হ্যাগেল।তবে এ অস্ত্র কোথায় এবং কখন ব্যবহৃত হয়েছে সে সম্পর্কে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি।

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলা হলে যুক্তরাষ্ট্র তা সহ্য করবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল।

এ ধরনের অস্ত্রের ব্যবহার দেশটিতে হস্তক্ষেপ করার সীমারেখা বা ‘রেড লাইন’ হিসাবেই গণ্য হবে বলেও সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র।

কিন্তু প্রাপ্ত গোয়েন্দা তথ্যে এখনো সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার বিষয়টি প্রমাণিত সত্য নয় বলেই উল্লেখ করেছেন হ্যাগেল।

গোয়েন্দারা বিষয়টি নিয়ে বিচার-বিশ্লেষণ করে সারিন গ্যাস ব্যবহারের কথা বলেছে; কিন্তু এ ব্যাপারে দোদূল্যমানতা কাটেনি, বলেন তিনি।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়ে থাকতে পারে বলে জানান।বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত বলে মত দেন তিনি।

ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ কেরি সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে ওই সংশয় প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি সিরিয়া সরকারের সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের ব্যবহার প্রতিহত করার উপায় বের করতে ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আহবান জানান।