বস্টনে আটক সন্দেহভাজন হামলাকারী হাসপাতালে
হেলিকপ্টার ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দিনভর অভিযানের পর বস্টন ম্যারাথনে বোমা হামলায় সন্দেহভাজন এক তরুণকে আহত অবস্থায় গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।
ম্যাসাচুসেটস রাজ্য পুলিশের এক মুখপাত্র জানান, শুক্রবার রাতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে আহত হয় জোখার সারনায়েভ(১৯)। তাকে বস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তক্ষরণের কারণে তার অবস্থা সঙ্কটজনক।
ওয়াটারটাউনের একটি বাড়ির পেছনে রাখা নৌকায় জোখার পালিয়ে ছিলেন বলে জানান তিনি। নৌকায় রক্ত দেখে স্থানীয় এক বাসিন্দা পুলিশকে খবর দেন।
জোখার তার বড় ভাই তামেরলান সারনায়েভের (২৬) সঙ্গে বস্টন হামলায় অংশ নেন বলে জানিয়েছে পুলিশ । বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে তামেরলান মারা যান ।
জোখারকে আটকের খবর পাওয়ার পর হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সাংবাদিকদের বলেন, দুই সন্দেহভাজন বোমা হামলাকারী কোথাও থেকে কোনো ধরণের সাহায্য পেয়েছিলো কিনা সেটাও খুঁজে বের করতে হবে।
এর আগে বস্টন পুলিশ বিভাগ এক টুইটে জানায়, আটক জোখারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
হামলাকারীকে ধরতে এই অভিযানে পুলিশ ছাড়াও অংশ নেন কয়েক হাজার সোয়াট সদস্য। বস্টনে জনসাধারণকে ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়। ফলে পুরো শহর কার্যত অচল হয়ে পড়ে।
গত সোমবার বস্টনে দৌঁড় প্রতিযোগিতার ফিনিশিং লাইনের কাছে ওই বোমা হামলায় তিন জন নিহত হন, আহত হন অন্তত ১৭৬ জন, যাদের বেশ কয়েকজন এখনো হাসপাতালে।
সোমবারের ওই বোমা হামলার পর বারাক ওবামা টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, “আমরা জানি না কারা এটা করেছে, কেন করেছে। তবে যারাই এ হামলা চালিয়ে থাক, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।”
প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সব জায়গার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্রে এটাই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।
যুক্তরাষ্ট্রের পুলিশের ধারণা, জোখার ও তামেরলান এক চেচেন পরিবারের সন্তান, যারা ২০০১ সালে রাশিয়ার দাগেস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসে আশ্রয় নেয়।
এই পরিবারটি থাকত ম্যাসাচুসেটসের কেমব্রিজে। কলেজ ছাত্র জোখার উচ্চতর ডিগ্রি নেয়ার জন্য একটি বৃত্তিও পেয়েছিলেন।
আর তার বড় ভাই তামেরলান ছিলেন একজন শখের বক্সার। একটি প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রশিক্ষণের কথা বলে কলেজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি।
