নির্বাচনে দাঁড়াতে পারছেন না মুশাররফ
পাকিস্তানে ১১ মে’র আসন্ন সাধারণ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করা হয়েছে।চিত্রাল আসনে তাকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করেছে নির্বাচনি আদালত।
পাকিস্তানে ১১ মে’র আসন্ন সাধারণ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করা হয়েছে।চিত্রাল আসনে তাকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করেছে নির্বাচনী আদালত।
মুশাররফ এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
এর আগে অন্য তিনটি আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করে মুশাররফ ব্যর্থ হন।
মুশারররফ দেশের ৪ টি নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।কিন্তু রিটার্নিং অফিসাররা করাচি, কাসুর এবং ইসলামাবাদে তার মনোনয়নপত্র বাতিল করেন।
পরে করাচি আসন থেকে পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন চেয়ে মুশাররফের করা আপিলও সোমবার খারিজ করে হাই কোর্টের বিচারকদের নিয়ে গঠিত একটি নির্বাচনী আদালত।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মুশাররফের প্রার্থিতা নিয়ে আপত্তি তোলায় এবং সাবেক এই সেনা শাসকের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে সংবিধান লঙ্ঘনসহ ২০০৭ সালে জরুরি অবস্থা জারি করে সুপ্রিম কোর্টের বহু বিচারপতিকে বরখাস্ত করার অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।
কেবলমাত্র চিত্রালেই মুশাররফের মনোনয়নপত্র গৃহীত হয়েছিল।কিন্তু তারপরও কয়েকজন আইনজীবী তা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন।২০০৭ সালে জরুরি অবস্থা জারি করে মুশাররফ দেশের সংবিধান লঙ্ঘন করেছেন অভিযোগে মামলাটি করেন বিরোধীরা।
প্রায় চার বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত মাসে মুশাররফ পাকিস্তানে ফেরেন। এরপর থেকে তিনি বেশ কিছু রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছেন।
আগামী ১১মে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলোর নির্বাচন হবে। পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো পার্লামেন্ট মেয়াদ পূর্ণ করার পর নতুন নির্বাচন হচ্ছে।
