ভেনেজুয়েলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৭
ভোট পুনর্গণনার বিরোধীদলীয় দাবী সরকার প্রত্যাখান করার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিরোধী দলীয় কর্মীরা সোমবার পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। সংঘর্ষ-সহিংসতায় নিহত হয়েছে ৭ জন।
এদের মধ্যে দুইজন কারাকাসে নিকোলা মাদুরোর জয়ে আনন্দোল্লাস করার সময় বিরোধীদলের সমর্থকদের গুলিতে নিহত হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম এবং কর্মকর্তারা।পুলিশ ১৩৫ জনকে গ্রেপ্তার করেছে বলেও জানানো হয়েছে খবরে।
নির্বাচনে জয়ী এবং পরাজিত দুপক্ষই যার যার সমর্থকদের দেশব্যাপী আরো ব্যাপক বিক্ষোভে নামার ডাক দিয়েছে।
রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরোর জয় মেনে নিতে অস্বীকার করেন বিরোধীদলীয় প্রার্থী হেনরি ক্যাপ্রিলেস।
নির্বাচনে তিনি প্রায় ৩ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন উল্লেখ করে ভোট পুনর্গণনার দাবী করেন ।
ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই) প্রধান তিবিসে লুসেনা ক্যাপ্রিলেসের দাবী উড়িয়ে দিয়ে ভোট পুনর্গণনার দাবী প্রত্যাখান করেছেন।
তিনি তীব্র ভাষায় বিরোধীদলীয় প্রার্থীকে আক্রমণ করে বলেন, “হুমকি ও ফাঁকা বুলি সিএনই’র সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করার ধরণ হতে পারে না।”
ভেনেজুয়েলার আইন ও প্রতিষ্ঠানের প্রতি ক্যাপ্রিলেসের শ্রদ্ধাবোধ নেই বলে তিনি অভিযোগ করেন।
ভোট পুনর্গণনার দাবীতে মদত দেওয়ার জন্য লুসেনা যুক্তরাষ্ট্র সরকার ও ‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’ এর সমালোচনা করে ভেনেজুয়েলার আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য প্রতিষ্ঠান দুটিকে অভিযুক্ত করেন।
সোমবার পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া ক্যাপ্রিলেসের এক বিক্ষুব্ধ সমর্থক বলেন, “ গতকাল যা হলো তা প্রতারণা, মিথ্যা। বিরোধীদল জিতেছে এবং তারা তা জানে।”
এর আগে ভোটের ফলাফল প্রত্যাখান করে ক্যাপ্রিলেস নিজের সমর্থকদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে সমর্থকরা।
এক পর্যায়ে বিক্ষোভপ্রদর্শনরত যুবকরা পুলিশের প্রতি পাথর নিক্ষেপ শুরু করলে সংঘাত ছড়িয়ে পড়ে। পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে উত্তেজিত যুবকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
প্রতিবাদের মাধ্যমে মাদুরোর জয়ের দুর্বলতা পরিষ্কার হয়ে যাবে বলে আশা করছেন ক্যাপ্রিলেস। নির্বাচনী কর্তৃপক্ষ মাদুরোর ক্ষমতাসীন দলের সমর্থক বলে অভিযোগ করে নিজ সমর্থকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছেন তিনি।
রোববারের ভোটে ভেনেজুয়েলার প্রয়াত নেতা উগো চ্যাবেস মনোনীত উত্তরাধিকারী ও দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ৫০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী মিরান্ডা রাজ্যের গভর্নর ক্যাপ্রিলেসকে পরাজিত করেন। ক্যাপ্রিলেস ৪৯ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন।
নির্বাচনের ফলকে শ্রদ্ধ জানিয়ে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন মাদুরো।ওদিকে, নির্বাচন কমিশনও ভোটের ফল পরিবর্তনযোগ্য নয় বলে জানিয়েছে।
৫ মার্চ উগো চ্যাবেসের মৃত্যুর পর থেকে মাদুরো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন।
এখন ৬ বছর মেয়াদে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিনি দেশটির মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী এবং প্রয়াত প্রেসিডেন্ট চ্যাবেসের নীতি ও কর্মসূচি অব্যাহত রাখতে পারবেন বলেই মনে করা হচ্ছে।
মাদুরো আগামী ১৯ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন। তার মেয়াদ শেষ হবে ২০১৯ সালের জানুয়ারিতে।
