২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি গ্রামে সিরীয় বাহিনীর হামলায় নিহত ১১

সিরিয়ার উত্তরাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাসাকা প্রদেশে সিরীয় বাহিনীর বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে কুর্দি আন্দোলনকারীরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Apr 2013, 06:02 AM

Updated : 25 Apr 2022, 06:36 PM

রোববার একটি কুর্দি গ্রামে হামলাটি চালানো হয়।

হামলায় হতাহতরা সবাই কুর্দি । এদের অধিকাংশই নারী ও শিশু।

গত দুই বছর ধরে চলা প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী লড়াইয়ে আসাদ পক্ষের হামলায় কুর্দি নাগরিক নিহত হওয়ার এটি সবচেয়ে বড় ঘটনা।

দরিদ্র এই কুর্দি গ্রামটিতে হামলার উদ্দেশ্য স্পষ্ট না হলেও গ্রামের কাছের একটি পাহাড়ে বিদ্রোহী বাহিনীর অবস্থানের কারণেই হামলাটি চালানো হয়েছে বলে মনে করছে কুর্দিরা। তেল খনিতে হামলা চালানোর লক্ষ্যে বিদ্রোহী ওই বাহিনীটি মোতায়েন করা হয়েছে।

কুর্দি ন্যাশনাল কাউন্সিল এক বিবৃতিতে হামলাটিকে “সরকারের গুরুতর মানবাধিকার লঙ্ঘণ” বলে অভিহিত করেছে।

কুর্দি ন্যাশনাল কাউন্সিল সিরিয়ার প্রধান কুর্দি রাজনৈতিক দলগুলোর একটি জোট। তবে এই জোটে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি কুর্দিস্তান ওয়াকার্স পার্টি (পিকেকে) নেই; পিকেকে প্রেসিডেন্ট আসাদের মিত্র দল।

আসাদ বিরোধী লড়াইয়ের এই দুই বছরে সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ সুন্নি আরব ও সংখ্যালঘিষ্ঠ সুন্নি কুর্দিদের মধ্যে বিদ্যমান অবিশ্বাস আরো গভীর হয়েছে। আসাদ বিরোধী বিদ্রোহী লড়াইয়ে নেতৃত্বদানকারী সুন্নি বিরোধীদলীয় নেতারা সন্দেহ করেন, সরকার বিরোধী লড়াইয়ের সুযোগে কুর্দিরা দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশের স্বায়ত্ত্বশাসন অর্জনের চেষ্টা করতে পারে।

অপরদিকে, কুর্দি রাজনৈতিক দলগুলো সিরিয়ার বিদ্রোহী বিরোধীদলগুলোকে কুর্দিদের অধিকার অবজ্ঞা করার জন্য অভিযুক্ত করেছে এবং দেশের উত্তরপূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা নিয়েছে।