২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাকাসে বিরোধীদলের বিশাল জনসভা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিরোধীদলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হেনরি ক্যাপ্রিলেসের বিশাল নির্বাচনী জনসমাবেশ হয়েছে। কারাকাসের ঐতিহাসিক বলিভার অ্যাভিনিউতে রোববার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Apr 2013, 07:34 AM

Updated : 25 Apr 2022, 06:34 PM

“আজ কারাকাসের রাস্তা সুখে ও আশায় ভরে উঠেছে, আগামী রোববার কি ঘটবে এতে তাই নিশ্চিত হচ্ছে,” ভাষণে বলেন ৪০ বছর বয়সী মিরান্দা প্রদেশের গভর্নর ক্যাপ্রিলেস।

তিনি ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৪ এপ্রিল, রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচন।

দেশটির প্রয়াত জনপ্রিয় প্রেসিডেন্ট উগো চ্যাবেসের মনোনীত প্রার্থী মাদুরো। তিনি চ্যাবেস প্রবর্তিত সমাজতান্ত্রিক ভেনেজুয়েলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান, আর ক্যাপ্রিলেস চ্যাবেস প্রবর্তিত সমাজতান্ত্রিক ধারার বিরোধী পশ্চিমাপন্থী নেতা।

গত ৫ মার্চ দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে চতুর্থবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট চ্যাবেস মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার আগে মাদুরোকে তিনি উত্তরাধিকারী মনোনীত করে যান।

বলিভার অ্যাভিনিউ সাধারণ লাল পতাকা ও লাল টি-শার্ট পরা চ্যাবেস সমর্থকদের দিয়ে ভরা থাকে। কিন্তু ক্যাপ্রিলেসের সমাবেশের সময় প্রচলিত ওই দৃশ্য পাল্টে যায়। এদিন ক্যাপ্রিলেস সমর্থকদের নীল, হলুদ ও লাল রঙে অ্যাভিনিউটি ঢেকে যায়।

“আমরা জিততে যাচ্ছি,” ভেনেজুয়েলার পতাকা রঙের একটি বেসবল ক্যাপ মাথায় মেরুন রঙের শার্ট পরা ক্যাপ্রিলেস সমর্থকদের উদ্দেশ্যে বলেন। প্রচণ্ড রোদে ঘর্মাক্ত অবস্থায় ভাষণ দিচ্ছিলেন তিনি।

নির্বাচনের জেতার পর ভেনেজুয়েলায় শান্তি ও সৌহার্দ ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দেন ক্যাপ্রিলেস।

মাদুরোর সমর্থকদের সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “আজ যারা লাল শার্ট পরেছেন, আমি তাদের বলতে চাই, চোখ মেলে তাকান! আমি আপনাদের বিশ্বাস অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করবো, গায়ের রঙ পাল্টে ফেলব।”

বিরোধীদলীয় নেতার এই আশাবাদ সত্বেও নির্বাচনী পূর্ব জরিপ জানাচ্ছে, নির্বাচনে ১০ শতাংশেরও বেশি ভোট পেয়ে মাদুরো প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

ক্যাপ্রিলেসের সমাবেশের এক প্রান্তে লাল শার্ট পরা মাদুরোর সমর্থকরা মাদুরোর পক্ষে স্লোগান দেয়। একইদিন কলম্বিয়া সীমান্তের অ্যাপুরে প্রদেশের গ্রামাঞ্চলে মাদুরোও এক বিশাল নির্বাচনী জনসমাবেশ করেছেন।