উত্তরের ক্ষেপণাস্ত্র মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ মোতায়েন
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্বলিত দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলে জানানো হয়েছে কয়েকটি প্রতিবেদনে।
উত্তর কোরিয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পূর্ব উপকূলে জাপান সাগরের দিকে নিয়ে যাওয়ার পরদিনই দক্ষিণ কোরিয়া এ পদক্ষেপ নিল।
যুদ্ধজাহাজ দুটি পূর্ব ও পশ্চিম উপকূলে মোতায়েন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে একথা জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।বিবিসি এ খবর দিয়েছে।
উত্তর কোরিয়া ইতোমধ্যেই তাদের দুটো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পূর্ব উপকূলে নিয়ে লুকিয়ে রেখেছে।জাপান এবং প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এ ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মুখে রয়েছে।
দক্ষিণ কোরিয়া অবশ্য বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র স্থানান্তরের পদক্ষেপ যুদ্ধপ্রস্তুতি নয় বলে অাশ্বস্ত করে এবং এ স্থানান্তরের উদ্দেশ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিংবা মহড়া চালানো হতে পারে বলে জানায়।
কিন্তু শুক্রবার অনিশ্চিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উপকূলে নিয়ে সেগুলো উৎক্ষেপেণ যন্ত্রেও ভরেছে।এ ক্ষেপণাস্ত্র দুটি মাঝারি পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্র বলেই মনে করা হচ্ছে এবং এগুলো গুয়ামে আঘাত হানতে সক্ষম।
ফলে পরিস্থিতি নজরে রাখতে দক্ষিণ কোরিয়া এজিস প্রতিরক্ষা ব্যবস্থা সম্বলিত দুটো যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা।
এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ জানায়, “উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়লে আমরা এর গতিপথ অনুসন্ধান করার চেষ্টা চালাব।”
