আফগানিস্তানের ফারায় গভর্নর কম্পাউন্ডে হামলা
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ নগরীতে গভর্নরের কম্পাউন্ডে বন্দুকধারীরা বোমা ভর্তি যান নিয়ে হামলা চালিয়েছে। এ হামলাকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রচণ্ড লড়াই।
হামলায় অন্তত ৩৪ জন আহত হয়েছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি। তবে কেউ নিহত হওয়ার খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
তালেবান জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে।তালেবানরা প্রায়ই সরকারি কার্যালয়গুলোকে হামলার লক্ষ্য করে থাকে।ফারাহ প্রদেশটি ইরানের সীমান্তবর্তী একটি কৌশলগত অঞ্চল।
গত মে মাসেও এখানকার গভর্নরের কম্পাউন্ডে বোমা ও বন্দুক হামলায় ৬ পুলিশ, ১ বেসামরিক নাগরিকসহ ৪ হামলাকারী নিহত হয়।
ফারাহ’র প্রত্যক্ষদর্শী এবং ডাক্তাররা জানিয়েছে, দুপক্ষই মেশিনগান এবং গ্রেনেড হামলা চালাচ্ছে।
