২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতির পর গাজায় প্রথম ইসরায়েলি আকাশ হামলা

ফিলিস্তিনিরা ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করেছে। এসবের মধ্যে দুটি গাজা এলাকার ভিতরে পড়লেও একটি ইসরায়েলের ভেতরে পড়ে বিস্ফোরিত হয়েছে। খোলা এলাকায় বিস্ফোরিত হওয়ার কারণে এতে কেউ হতাহত হয়নি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Apr 2013, 05:39 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণক ফিলিস্তিনের হামাস ও ইসরায়েল সামরিক বাহিনী এ হামলার কথা জানিয়েছে।

হামাসের স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, “উত্তর গাজার উন্মুক্ত এলাকায় দখলদারীদের বিমানগুলো বোমবর্ষণ করেছে, তবে এতে কেউ হতাহত হয়নি।”

ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলি বিমানগুলো উত্তর গাজা ভূখণ্ডের দুটি সন্ত্রাসী লক্ষ্যস্থলে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ওই ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা চালানোর জবাবে এ হামলা চালানো হয়েছে।”

এই হামলার কারণে মিশরের মধ্যস্থতায় ইসরায়েল-হামাসের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার হুমকি সৃষ্টি হয়েছে। নভেম্বরে এই দুপক্ষের মধ্যে আট দিনের যুদ্ধে ফিলিস্তিনি পক্ষে ১শ’ ৭০ জন ও ইসরায়েলের পক্ষে ছয়জন নিহত হয়েছিল। তবে মিশরের মধ্যস্থতায় আয়োজিত ওই যুদ্ধবিরতির কারণে পরিস্থিতি এতদিন মোটামুটি শান্তই ছিল।

মঙ্গলবার সকালে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছিল, ফিলিস্তিনিরা ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করেছে। এসবের মধ্যে দুটি গাজা এলাকার ভিতরে পড়লেও একটি ইসরায়েলের ভেতরে পড়ে বিস্ফোরিত হয়েছে। খোলা এলাকায় বিস্ফোরিত হওয়ার কারণে এতে কেউ হতাহত হয়নি।

মাগলেস শুরু আল মুজাহিদিন নামে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী রকেট হামলার দায়িত্ব স্বীকার করেছে।

ফিলিস্তিনি ভূখণ্ড থেকে চালানো রকেট হামলা বন্ধ করার অজুহাতে ২০১২ সালের নভেম্বরে গাজার সর্বাত্মক হামলা শুরু করেছিল ইসরায়েল। মঙ্গলবারের সর্বশেষ রকেট হামলা নিয়ে নভেম্বর থেকে এ পর্যন্ত তিনবার ইসরায়েলে রকেট হামলা চালানো হল।