২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলাকে দেখতে গেলেন পরিবারের সদস্যরা

হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার দেখতে তার পরিবারের সদস্যরা গিয়েছিলেন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 07:24 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

পরিবারের সদস্যদের এই দেখতে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘তার (ম্যান্ডেলা) অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।’
বুধবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন ম্যান্ডেলা গত ২ বছরে এ নিয়ে চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি হলেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

তবে এবার তিনি কতদিন হাসপাতালে অবস্থান করবেন এ ব্যাপারে কোনো সময়সীমা জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয় ‘আজ (সোমবার) ম্যান্ডেলা তার পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে সময় কাটিয়েছেন।’

তবে ঠিক কতজন সদস্য ম্যান্ডেলার সঙ্গে দেখা করেছেন তা বিবৃতি উল্লেখ করা হয়নি।
এরআগে ম্যান্ডেলার শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে বলে দক্ষিণ আফ্রিকা সরকার জানায়।

হাসপাতালে তার শরীরে ধরা পড়া নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছেন তিনি।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “পূর্ণ বিশ্রামে একটি দিন কাটিয়েছেন নেলসন ম্যান্ডেলা। তার শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।”

শনিবার ম্যান্ডেলার শারীরিক অবস্থা সম্পর্কে প্রথম বিস্তারিত প্রতিবেদনে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার ফুসফুস ঘিরে থাকা অতিরিক্ত তরল পদার্থ সরিয়ে নেওয়া হয়েছে।

১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন ম্যান্ডেলা। সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসন ও তাদের বর্ণবাদ প্রথার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনা ম্যান্ডেলা বিশ্ববাসীর গভীর শ্রদ্ধা অর্জন করেছেন।

ক্ষমতায় এসে কোনো ধরনের প্রতিশোধের পথে না গিয়ে সব বর্ণের মানুষ নিয়ে রাষ্ট্র গড়ার প্রচেষ্টা নিয়ে ব্যাপক প্রশংসিত হন তিনি।

১৯৯৯ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর গত এক দশক ধরে রাজনীতিতে আর সক্রিয় থাকেননি তিনি।

রাজনৈতিক বন্দি হিসেবে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলের রোবেন দ্বীপের কারাগারে ও অন্যান্য করাগারে ২৭ বছরের বন্দি জীবন কাটান। বন্দি থাকা অবস্থাতেই তার শরীরে যক্ষ্মার জীবাণু বাসা বাঁধে। তখন থেকেই ফুসফুসের সমস্যার ভুগছেন তিনি।