২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় ফের মার্কিন স্টিলথ, যুদ্ধের আশঙ্কা

উত্তর কোরিয়ার ‘যুদ্ধাবস্থা’ ঘোষণার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার ‘কঠোর পাল্টা ব্যবস্থার’ হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে দক্ষিণের আকাশে এফ-২২ স্টিলথ জঙ্গিবিমান উড়িয়েছে।এতে করে যুদ্ধের ঘোরতর আশঙ্কা সৃষ্টি হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Apr 2013, 10:40 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়া থেকে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে এর পাল্টা জবাব দেয়ার অঙ্গীকার করে বলেছেন, এ ক্ষেত্রে তিনি কোনো রাজনৈতিক বিষয় বিবেচনায় নেবেন না।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিয়ুন হাই এ কথা বলেন। তিনি বলেন, “দক্ষিণ কোরিয়া এবং জনগণের বিরুদ্ধে যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেই রাজনৈতিক কোনো বিবেচনা ব্যতিরেকেই কঠোরভাবে লড়াইয়ের মাধ্যমেই তার জবাব দেওয়া হবে। পার্কের এই কঠোর অবস্থানের মধ্যেই রাডার ফাঁকি দিতে সক্ষম উন্নত প্রযুক্তির মার্কিন এফ-২২ স্টিলথ বিমান দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি ‘ওশান এয়ার বেজ’ এ মোতায়েন হয়েছে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। উত্তর কোরিয়ার হামলার হুমকি মোকাবেলায় ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে এ স্টিলথ বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী।এ বিমান মোতায়েনের আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার আকাশে বি-২ স্টিলথ বোমারু বিমান ওড়ায়। উত্তর কোরিয়া জাপানের মার্কিন ঘাঁটিসহ প্রশান্ত মহাসাগরীয় গুয়াম দ্বীপের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দেয়ার পর যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান উড়িয়ে সামরিক শক্তি প্রদর্শন করে। পরমাণু পরীক্ষার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া এ পরিস্থিতির মধ্যে গত শনিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে “যুদ্ধাবস্থায়” প্রবেশ করার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে উত্তর কোরিয়া জানায়, “এখন থেকে, উত্তর-দক্ষিণের সম্পর্ক যুদ্ধাবস্থায় প্রবেশ করবে এবং এরপর থেকে উত্তর এবং দক্ষিণের মধ্যে উদ্ভূত যে কোনো ইস্যু এর আলোকে পরিচালনা করা হবে।” মার্চের প্রথম থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নিয়মিত যৌথ সামরিক মহড়া শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোয় হামলার হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া। হুমকির পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায়ও রেখেছে তারা। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ কোনো শান্তি চুক্তি ছাড়াই শুধুমাত্র অস্ত্রবিরতির মাধ্যমে স্থগিত করা হয়েছিল, তাই পরোক্ষভাবে দুই কোরিয়া সবসময় যুদ্ধাবস্থায়ই আছে। তবে ওই সমঝোতা এখন আর কার্যকর নয় বলে মার্চের প্রথম দিকে ঘোষণা করেছে উত্তর কোরিয়া।