২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমায় ৫ পুলিশ নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে মঙ্গলবার তালেবানদের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫ পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Mar 2013, 10:04 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

আফগানিস্তানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরকালে তিন ঘণ্টার এ হামলা হয়েছে। ভোরের আগে জালালাবাদের পূর্বাঞ্চলে একটি পুলিশ কম্পাউন্ডে এ আত্মঘাতী হামলা হয়।

আফগান ন্যাশনাল পুলিশ কম্পাউন্ডের প্রবেশপথে বিস্ফোরকভর্তি গাড়ি ‍বিস্ফোরণ ঘটায় এক হামলাকারী। এ সময় অন্যান্য হামলাকারীরা কম্পাউন্ডে ঢুকে পড়ে বলে জানান প্রাদেশিক পুলিশ প্রধান আমিন শরীফ।

রয়টার্সকে তিনি বলেন, তিন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায় এবং ৫ জনকে গুলি করে হত্যা করা হয়। বিস্ফোরণে ৫ পুলিশ সদস্য নিহত এবং ৪ জন আহত হয়।

হামলাকারীরা রকেট-চালিত গ্রেনেড, হালকা মেশিনগান নিয়ে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায় ৩ ঘণ্টা লড়াই করে।এতে ৬ বেসামরিক নাগরিকও আহত হয়।তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বার্তায় হামলার দায় স্বীকার করেছেন।

জন কেরি আফগান বাহিনীর হাতে নিরাপত্তাভার হস্তান্তর নিয়ে আলোচনা করতে কাবুল সফর করছেন। মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনীর যোদ্ধারা আগামী বছর আফগানিস্তান ছাড়ার আগে কেরি এ সফরে গেলেন।