আফগানিস্তান থেকে বেশিরভাগ সেনা ফিরিয়ে নেবে অস্ট্রেলিয়া
২০১৩ সালের মধ্যেই আফগানিস্তান থেকে বেশিরভাগ সেনা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি আফগান সেনা ও পুলিশের হাতে দায়িত্ব দিয়ে দেশটিতে থাকা একটি প্রধান সেনা ঘাঁটিও বন্ধের ঘোষণা দিয়েছে তারা।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন স্মিথ মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন।
স্মিথ বলেন, পশ্চিমা ও আফগান কমান্ডাররা ২০১৩ সালের মধ্যে ত্রিন কোতের বহুজাতিক বাহিনী ও উরুগজান প্রদেশে ন্যাটোর বিমানঘাঁটি বন্ধের ব্যাপারে সম্মত হয়েছেন।
২০১৪ সালের মধ্যে আফগানিস্তানের নিজস্ব বাহিনীর হাতে দেশটির নিরাপত্তার ভার দিয়ে বেশিরভাগ বিদেশি সেনার চলে যাওয়ার কথা রয়েছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এ বছরের মধ্যেই তারা কমপক্ষে ১ হাজার সেনা দেশে ফিরিয়ে নেবে।
আফগানিস্তানে ২০০৫ সাল থেকে অস্ট্রেলিয়ান সেনারা দায়িত্ব পালন করছে।
বর্তমানে আফগানিস্তানে ১ হাজার ৬শ ৫০ জন অস্ট্রেলীয় সেনা অবস্থান করছে।
চলতি বছর যে সংখ্যক অস্ট্রেলীয় সেনা আফগানিস্তানে অবস্থান করবে তারা উপদেষ্টার ভূমিকায় থাকবে।
আফগানিস্তানে এ পর্যন্ত ৩৯ জন অস্ট্রেলীয় সেনা নিহত হয়েছে।
