২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ফের জাতিগত সহিংসতায় আরো মসজিদ-বাড়িঘর ধ্বংস

মিয়ানমারে মিইকতিলার গন্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে জাতিগত সহিংসতা।দেশটির মধ্যাঞ্চলে মুসলমানদের ওপর নতুন করে হামলার ঘটনা ঘটেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Mar 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

সশস্ত্র বৌদ্ধদের হামলায় আরো মসজিদ ও বাড়ি ধ্বংস হয়েছে।মুসলিম-বিরোধী সহিংসতা রোধে হিমশিম খাচ্ছে সরকার।

মিইকতিলা শহরে গত সপ্তাহে সহিংসতা শুরুর পর রোববার রাতেও প্রায় ৩শ’ মানুষ ওহ দ্য কনে শহরে মসজিদে এবং মুসলিমদের দোকানপাটে ভাংচুর চালিয়েছে।

মিইকতিলা পরিস্থিতি সামাল দিতে শহরটিতে সেনা মোতায়েনের পর এ সহিংসতার ঘটনা ঘটল।গত সপ্তাহে বুধবার থেকে সেখানে শুরু হওয়া সহিংসতায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।

গত কয়েক দিন ধরে সহিংসতা কেবল মিইকতিলা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা আরো কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে।

ওহ দ্য কনে শহর ছাড়াও মিইকতিলা থেকে ৮০ কিলোমিটার দূরের তাতকোন শহরের একটি মসজিদে হানা নিয়ে সেখানে লুটপাট ও ভাংচুর চালিয়েছে সশস্ত্র বৌদ্ধরা। কাছাকাছি ইয়ামেনথিন শহরেও একটি মসজিদসহ ৫০ টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।আগুনে জ্বলছে রাজধানী নিপিধোর উপকণ্ঠ।

তবে এ সহিংসতার পেছনে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি।তাছাড়া, শহরটিতে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

মিইকতিলা শহরে কয়েক দিনের দাঙ্গায় মানুষ হতাহত হওয়া ছাড়াও বেশ কিছু মসজিদ, মাদ্রাসা এবং মুসলমানদের কয়েকশ’ ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়েছে।

মিয়ানমারে অর্ধশতাব্দীর সামরিক শাসনামলে দমে থাকা জাতিগত সহিংসতা ২০১১ সালে প্রেসিডেন্ট থিয়েন সেইনের সংস্কারবাদী সরকারের আমলে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

নতুন সরকারের অনেক সংস্কার পদক্ষেপ প্রশংসিত হলেও গত বছর রাখাইন রাজ্যে শুরু হওয়া জাতিগত দাঙ্গা সামাল দিতে ব্যর্থতার জন্য সরকার সমালোচিত হয়েছে।ওই সহিংসতায় ১১০ জন নিহত হয়, গৃহহীন হয় ১ লাখ ২০ হাজার মানুষ।

গত বুধবার সর্বশেষ এক বৌদ্ধ আর মুসেলিমের মধ্যে তর্কতর্কি থেকে সহিংসতা শুরু হয় মিইকতিলা শহরে।দাঙ্গায় সরকারি হিসাবে নিহত হয়েছে ৩২ জন।