আফগানিস্তানে অঘোষিত সফরে কেরি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার এক অঘোষিত সফরে আফগানিস্তানে গেছেন।সফরকালে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলবেন তিনি।
২০১৪ সালে বেশির ভাগ বিদেশি সেনা আফগানিস্তান ছাড়ার আগে দুপক্ষই দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশা করছে।
কেরি এবং কারজাইয়ের আলোচনায় প্রাধান্য পাবে আফগানিস্তানে সম্প্রীতি গড়ে তোলার বিষয়টি থেকে শুরু করে আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব তুলে দেয়ার বিষয়টি সহ আফগানিস্তানের নির্বাচন সংক্রান্ত ইস্যুও।এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের একথা জানিয়েছেন।
সম্প্রতি কয়েক বছরে নানা ইস্যু নিয়ে উত্তেজনাপূর্ণ হয়ে আছে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক।নেটো বিমান হামলায় বেসামরিক নাগরিকের মৃত্যু, রাত্রিকালীন অভিযান, বন্দি হস্তান্তর ইস্যুতে দুদেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে।
এর মধ্যে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশে বিদেশি সেনা উপস্থিতি দীর্ঘায়িত করতে নেটো এবং তালেবানদেরকে একযোগে দোষারোপ করায় নতুন করে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়।এতে করে পণ্ড হয় পাকিস্তানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের প্রথম সফর।
এ পরিস্থিতির মধ্যেই অঘোষিত সফরে আফগানিস্তানে গেলেন কেরি।কিন্তু সম্পর্কে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যেও অনেক বিষয়েই দু’দেশ বিরোধ নিষ্পত্তি করতে পেরেছে জানিয়ে ওই মার্কিন কর্মকর্তা বলেন, আফগানিস্তান সরকারের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে ওয়ারডাক প্রদেশ থেকে সরে গেছে মার্কিন বাহিনী।কারজাইয়ের বিরূপ মন্তব্য থেকে সৃষ্ট জটিলতাও দু’দেশ কাটিয়ে উঠেছে।
তিনি আরো বলেন, “রাস্তায় সবসময় চড়াই-উৎরাই থাকবেই… কিন্তু সবকিছু উপেক্ষা করে এ সম্পর্ক টিকে থাকবে।”
“আফগানিস্তানে বর্তমান অবস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, দেশটিতে তাদের ভূমিকা এবং আফগানদের জন্য আরো সহায়ক ভূমিকা নেয়ার প্রক্রিয়া সবসময় যে খুব নির্বিঘ্নে সম্পন্ন হবে তা নয়।সার্বভৌমত্ব এবং নিরাপত্তার মতো বিষয়গুলো সবসমই কঠিন জিনিস,” বলেন তিনি।
কেরি জর্ডানের আম্মান থেকে কাবুলে পৌঁছান।এ অঞ্চল সফরকালে পাকিস্তানেও যেতে ইচ্ছুক ছিলেন তিনি। কিন্তু পাকিস্তানে ১১ মে’র নির্বাচনের কারণে তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন।এর পরিবর্তে কেরি রোববার দিনশেষে আম্মানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে দেখা করেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
