‘অন্যায্য’ প্রভাব বিস্তারের বিরুদ্ধে জিনিপিংয়ের হুঁশিয়ারি
এক দেশের আভ্যন্তরীণ বিষয়ে অপর দেশের প্রভাব বিস্তারের বিরুদ্ধে হঁশিয়ারি জানিয়েছেন রাশিয়া সফররত নতুন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
শনিবার মস্কোতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ হুঁশিয়ারি জানান।
এর মাধ্যমে তিনি পশ্চিমা দেশগুলোকে একটি বার্তা পাঠালেন বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এর আগে বেশ কয়েকবার পশ্চিমা দেশগুলোকে এ বিষয়ে সতর্ক করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রদের উদ্দেশ্যে শি বলেন, “বিশ্বের দেশগুলোর নিজ নিজ ধরনে উন্নয়নের পথ খুঁজে নেওয়ার অধিকারের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে, আর অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের বিরোধীতা করতে হবে।”
চীনের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে শুক্রবার রাশিয়া গিয়েছেন শি।
সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। উভয়পক্ষ রাশিয়া ও চীনের সম্পর্ককে “কৌশলগত মৈত্রির” বলে উল্লেখ করেছে।
এ বিষয়ে চীনা প্রেসিডেন্ট বলেছেন, “শক্তিশালী চীন-রাশিয়া সম্পর্ক, শুধু আমাদের স্বার্থের প্রতিফলন নয়, এটি আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্য ও শান্তির জন্যও গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য প্রতিশ্রুতি।”
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ভোটো ক্ষমতাধারী চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্র ও এর ন্যাটো মিত্রদের প্রভাব খর্ব করতে প্রায়ই কূটনৈতিকভাবে জোটবদ্ধ হয়। দেশদুটি নিরাপত্তা পরিষদে সিরিয়ার ওপর পশ্চিমাদের করা তিনটি প্রস্তাব স্থগিত করে রেখেছে।
রাশিয়া সফর শেষে শি আফ্রিকা মহাদেশের তাঞ্জানিয়া, কঙ্গো প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন। দক্ষিণ আফ্রিকায় বিশ্বের পাঁচটি উঠতি শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট ‘ব্রিকসে’র এক সম্মেলনে যোগ দেবেন তিনি।
ওই জোটের অন্যতম সদস্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনেরও সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
