তুরস্কে যুদ্ধবিরতির ডাক কুর্দি নেতার
তুরস্কে বিদ্রোহীদের যুদ্ধবিরতির ডাক দিয়েছেন কারান্তরীন কুর্দি বিদ্রোহী নেতা আবদুল্লাহ ওসালান।তুরস্ক থেকে যোদ্ধাদের চলে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
এর মধ্য দিয়ে তুরস্কে জাতিগত কুর্দিস্তানের দাবিতে চলে আসা ৩০ বছরের লড়াই-সংঘাতের অবসান ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে।এ লড়াইয়ে তুরস্কে ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
তুরস্ক সরকার এবং কুর্দি পিকেকে বিদ্রোহীদের মধ্যকার কয়েক মাসের আলোচনার পর ওসালান এ যুদ্ধবিরতি ডাকলেন।
বৃহস্পতিবার দিয়ারবাকির শহরে সমবেত হাজার হাজার কুর্দির সামনে ওসালানের যুদ্ধবিরতির বার্তা পড়ে শোনানো হলে উল্লাসে ফেটে পড়ে সবাই।
এ সময় তাদের হাতে ছিলো বিদ্রোহী নেতার পোস্টার এবং ছবি। ঘোষণা পাঠ করেন কুর্দি এক রাজনীতিক।১৯৯৯ সাল থেকে দেশটির মামারমা সাগরের একটি দ্বীপের জেলখানায় আটক রয়েছেন বিদ্রোহী নেতা ওসালান।
“অস্ত্র থেমে যাবে এবং রাজনীতিতে কুর্দিরা প্রভাব বিস্তার করবে,” ঘোষণায় বলেন তিনি।
এতে আরো বলা হয়, “আমাদের শসস্ত্র বাহিনী প্রত্যাহারের সময় এসেছে।এটি কোনোকিছু শেষ হওয়া নয় বরং নতুন যুগের সূচনা।”
কুর্দি নেতার এ ঘোষণাকে সতর্কভাবে স্বাগত জানিয়েছে তুরস্ক সরকার।কারণ, এর আগে দুপক্ষের মধ্যকার কয়েকটি যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
