২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাগোয়েন্দা দপ্তর দখল করেছে সিরীয় বিদ্রোহীরা

ইসরাইল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন হাউরান সমভূমিতে রোববার একটি সেনাগোয়েন্দা দপ্তর দখল করেছে সিরিয়ার বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Mar 2013, 08:09 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

পাঁচদিন অবরোধ করে রাখার পর রোববার শাগারা শহরের ইয়ারমাউক নদী তীরবর্তী এই দপ্তরটি বিদ্রোহীদের দখলে আসে।

রাজধানী দামেস্কের নিকটবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকাটিতে একের পর এক হামলা চালিয়ে দপ্তরটি দখল করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্রোহী কমান্ডাররা।

১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-সিরিয়ার যুদ্ধবিরতির পর থেকে এই এলাকাটি এতদিন শান্ত ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে জর্ডান সীমান্ত থেকে দামেস্কের প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই কৃষি সমভূমিটি বিদ্রোহীদের উপর্যুপরি হামলায় অশান্ত হয়ে ওঠে। স্থানীয় সেনা ও গোয়েন্দা দপ্তরগুলো লক্ষ্য করে বিদ্রোহীদের এসব আক্রমণ পরিচালিত হয়।

দখলকৃত গোয়েন্দা দপ্তরটি থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে সিরিয়া-ইসরায়েল সীমান্ত।

বিদ্রোহী বাহিনীর ‘ইয়ারমাউক মার্টিয়ার্স ব্রিগেড’ এর সদস্য আবু আইয়াস আল হাউরানি বলেন, “আজ সকালে আমরা এই পুরো গোয়েন্দা দপ্তরটি দখল করে নিয়েছি। এটি শাব্বিহার (আসাদ পক্ষের বেসামরিক বাহিনী) একটি পরিচালন কেন্দ্র ছিল। পাঁচদিন অবরোধের পর তীব্র হামলা চালিয়ে তাদের হটিয়ে দেওয়া হয়েছে।”

“ইয়ারমাউক উপত্যকা থেকে গ্রেপ্তারকৃতদের এই সেনাগোয়েন্দা দপ্তরে নিয়ে এসে নির্যাতন চালানো হতো। এছাড়া এর একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। এই দপ্তরটি দখলের মাধ্যমে শাগারা শহরের মুক্তি সম্পূর্ণ হল,” বলেন তিনি।

অপর একজন বিদ্রোহী কামন্ডার জানান, পশ্চিম হাউরান এলাকায় এ আক্রমণের উদ্দেশ্য হল হাউরান এলাকায় মোতায়েন আসাদ বাহিনীর বিরুদ্ধে নতুন একটি যুদ্ধক্ষেত্রের সূচনা করা এবং দামেস্কের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে লড়াইরত বিদ্রোহীদের রসদ সরবরাহ পথ নিরাপদ করা।

আসাদের অভিজাত বাহিনীগুলো দামেস্কের কুয়াসিউন পর্বতে শক্ত অবস্থান নিয়ে আছে বলে জানান তিনি।

গত দুই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।